ইতালির বিদায়ে কটূক্তির শিকার বাস্তোনি, বন্ধ করলেন কমেন্ট সেকশন

রেফারি লাল কার্ড দেখাচ্ছেন ইতালিয়ান তারকা আলেসান্দ্রো বাস্তোনিকে। এ মুহূর্তটি বদলে দিয়েছে ম্যাচের গতিপথরয়টার্স

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিদায় নিয়েছে ইতালি। এই বিদায়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক হয়ে থাকছে‘আজ্জুরি’রা। বসনিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে এগিয়েই গিয়েছিল ইতালি।

তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় ৪১ মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখার পর। ১০ জনের দল নিয়ে ইতালি শেষ পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয়। ম্যাচ চলে যায় টাইব্রেকারে, যেখানে ৪-১ গোলে জিতে বাজিমাত করে বসনিয়া।

ম্যাচের পর এই হারের জন্য ইতালিয়ান সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাস্তোনিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপমানজনক আক্রমণের শিকার হন বাস্তোনি ও তাঁর স্ত্রী কামিলা ব্রেসিয়ানি। এমনকি একপর্যায়ে কমেন্ট বা মন্তব্যের অপশনও বন্ধ করে দিতে হয় তাঁদের।

আরও পড়ুন

যদিও এই লাল কার্ডটি দলকে রক্ষা করতে গিয়েই দেখেছেন বাস্তোনি। ম্যাচে পিছিয়ে পড়ার পর স্বাগতিকেরা তখন দ্রুত পাল্টা আক্রমণ গড়ে তোলে। তেমনই এক আক্রমণে আমার মেমিচ বল নিয়ে ইতালির বক্সের দিকে ছুটে যেতে শুরু করেন, তাঁর সামনে তখন শুধুই গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

বাস্তোনি ও তাঁর স্ত্রী
ইনস্টাগ্রাম/বাস্তোনি

এ পরিস্থিতিতে দলকে বাঁচাতে বক্সের বাইরে পেছন থেকে বাস্তোনি ট্যাকল করে ফেলে দেনে মেমিচকে। যার ফলাফলস্বরূপ রেফারি সরাসরি লাল কার্ড দেখান বাস্তোনিকে। তবে এই লাল কার্ড তাৎক্ষণিকভাবে দলকে গোল খাওয়া থেকে বাঁচালেও, ম্যাচে পিছিয়ে দিয়েছে ইতালিকে।

শেষ পর্যন্ত ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে হারিস তাবাকোভিচ গোল করে সমতা ফেরান। এরপর টাইব্রেকারে দাপট দেখিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বসনিয়া।

আরও পড়ুন

যার রেশেই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়তে হয় বাস্তোনি ও তাঁর স্ত্রীকে। ফলে বাধ্য হয়ে দুজনেরই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়। এখন তাঁদের পোস্টে কেবল বন্ধু ও পরিবারের সদস্যরাই মন্তব্য করতে পারছেন।