কাগজে এনরিকের মেয়াদ বাড়ল, মাঠে পিএসজি হারল

হতাশ লুইস এনরিকেএএফপি

কোচ লুইস এনরিকের ওপরই ভরসা রাখছে পিএসজি। স্প্যানিশ এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে ফরাসি ক্লাবটি। নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩০ সালে।

এনরিকের আগের চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষে শেষ হওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচের আগে তাঁর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয় পিএসজি।

শুধু এনরিকেই নন, একই দিনে আরও পাঁচ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করেছে পিএসজি—জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ, উইলিয়ান পাচো, লুকাস বেরালদো ও সেনি মায়ুলু।

পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, ‘এই খেলোয়াড়েরা ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। আমরা একসঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চাই। নিজেদের মূল্যবোধ ধরে রেখে সমর্থকদের গর্ব করার মতো আরও ইতিহাস লিখতে চাই।’

যদিও চুক্তি নবায়নের ঘোষণার পর মাঠে দিনটি ভালো কাটেনি পিএসজির। মোনাকোর কাছে ২-১ গোলে হেরে যায় এনরিকের দল। লিগ আঁতে নতুন মৌসুমে তিন ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি পিএসজি।

এখনো জয়ের দেখা পায়নি পিএসজি
এএফপি

ম্যাচের পর তাই এনরিকের কণ্ঠে উচ্ছ্বাস ছিল না, ‘(নতুন চুক্তি) এ বিষয়ে কথা বলার জন্য এখন সেরা সময় নয়। তবে আমি শুধু বলতে পারি, একই ক্লাবে তিন বছরের বেশি সময় থাকা আমার ক্যারিয়ারের জন্য এবারই প্রথম। আমি এখন এখানে আমার প্রথম বছরের চেয়েও বেশি অনুপ্রাণিত। বিষয়টি আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছে। আমি খুবই খুশি এবং আশা করি দায়িত্বের প্রতি সুবিচার করতে পারব।’

আরও পড়ুন

২০২৩-২৪ মৌসুমের আগে পিএসজির কোচের দায়িত্ব নেন সাবেক বার্সেলোনা ও স্পেন কোচ এনরিকে। তাঁর মূল লক্ষ্য ছিল পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জেতানো। সেই লক্ষ্য পূরণে বেশি সময় লাগেনি।

২০২৫ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথম ইউরোপিয়ান শিরোপা জেতে পিএসজি। এরপর গত মে মাসে আর্সেনালকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা। এনরিকে দায়িত্ব নেওয়ার পর পিএসজি তিনটি লিগ আঁ শিরোপা ও দুটি ফরাসি কাপও জিতেছে।

ফুটবলারদের মধ্যে স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজের চুক্তি বাড়ানো হয়েছে আগামী মৌসুমের শেষ পর্যন্ত। তাঁর চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

পর্তুগালের মিডফিল্ডার জোয়াও নেভেস, ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুকাস বেরালদো, ইকুয়েডরের সেন্টারব্যাক উইলিয়ান পাচো এবং তরুণ সেনি মায়ুলুর সঙ্গে নতুন চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।

আরও পড়ুন