রোনালদোর চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও ‘মারাত্মক’

ক্রিস্টিয়ানো রোনালদোরয়টার্স

সৌদি প্রো লিগে গত শনিবার আল ফায়হার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জয়ের ম্যাচে ৮১ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ডাগআউটে বসে এরপর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আইসপ্যাক লাগাতে দেখা যায় তাঁকে। তখনই অনেকের মনে ভ্রুকুটি জেগেছিল—রোনালদো কি চোটে পড়েছেন?

শঙ্কা সত্যি হয় গত মঙ্গলবার। আল নাসর জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে পড়েছেন রোনালদো। তবে সেরে উঠতে ঠিক কত দিন লাগতে পারে, সেটা তখন জানা যায়নি। তবে কাল আল নাসর কোচ জর্জ জেসুস জানালেন আরও শঙ্কার খবর। রোনালদোর চোট প্রথমে দেখে যতটা হালকা মনে হয়েছিল, আসলে তা নয়। জেসুসের ভাষায়, এই চোট নাকি ‘আরও মারাত্মক।’

সৌদি প্রো লিগে আজ রাতে নিওমের মুখোমুখি হবে আল নাসর। এই ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে রোনালদোর চোট নিয়ে কথা বলেন জেসুস, ‘সর্বশেষ ম্যাচে রোনালদো মাংসপেশির চোট নিয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার পর জানতে পেরেছি, আমরা যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও মারাত্মক চোট। তাঁর বিশ্রাম ও সেরে ওঠা দরকার। ক্রিস্টিয়ানো চিকিৎসার জন্য স্পেন যাবেন, চোট পাওয়া অন্যরাও যাবেন।’

আল নাসরের সর্বশেষ ম্যাচে চোট পান রোনালদো
এএফপি

জেসুস এরপর বলেন, ‘ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছ থেকে তাকে চিকিৎসা নিতে হবে। আমরা আশা করছি, শিগগিরই সে ফিরে এসে দলকে সাহায্য করতে পারবে।’
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রোনালদো সৌদি আরব ছেড়ে স্পেনে গেছেন এবং মাদ্রিদে ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের দ্বারস্থ হবেন। আজ রাতে এবং আগামী ১৪ মার্চ আল নাসরের ম্যাচে রোনালদো খেলতে পারবেন না বলে জানিয়েছেন জেসুস। তবে এরপর থেকে যে তাঁকে পাওয়া যাবে, সেই নিশ্চয়তাও নেই।

আরও পড়ুন

সৌদি প্রো লিগে চলতি মৌসুমে ২২ ম্যাচে ২১ গোল করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটি ২৬ ম্যাচে ২১ গোল এবং আল নাসরের হয়ে এ মৌসুমে রোনালদোই সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমে চোটের কারণে এই প্রথম আল নাসরের হয়ে মাঠে নামতে পারবেন না রোনালদো।

তবে রোনালদোর চোট নিয়ে দুশ্চিন্তা আছে পর্তুগালেরও। বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ দুটি ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদোর খেলা নিশ্চিত নয়।