লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু তার আগেই যেন এক গোল হজম করে বসেছে দলটি! খেলোয়াড়েরা আজ সকালে ঢাকায় পৌঁছালেও তাঁদের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আসেনি। সেগুলো আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে।
অনুশীলনের সরঞ্জাম না আসায় আজ অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত। তবে একই দিনে তাদের প্রতিপক্ষ ভারত সূচি অনুযায়ী অনুশীলন সেরেছে।
ফুটবলে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও পক্ষে নয়। সর্বশেষ ২০০৫ সালের জুনে ভারতকে হারিয়েছিল তারা। এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। সাফের ইতিহাসেও ভারত ৯ বারের চ্যাম্পিয়ন, পাকিস্তানের ট্রফির ঘর এখনো শূন্য।
এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ভারত। তাই পাকিস্তানের সামনে ছিল পুরোনো হিসাব বদলে দেওয়ার সুযোগ। কিন্তু ম্যাচের আগেই লাগেজ–বিপত্তিতে কাজটা আরও কঠিনই হয়ে গেল।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মাঠের লড়াইয়ে পাকিস্তান ভারতকে গোল দিতে পারবে কি না, সময়ই বলবে। তবে মাঠে নামার আগেই যেন লাগেজের কারণে এক গোল খেয়ে বসেছে পাকিস্তান।