বিশ্বকাপ ফাইনালের আগে নিউ জার্সিতে বায়ুদূষণের শঙ্কা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর দুই দিন পরই বিশ্বকাপের ফাইনাল। কিন্তু আর্জেন্টিনা–স্পেনের শিরোপার লড়াইয়ের আগে নতুন উদ্বেগের নাম বায়ুদূষণ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক–নিউ জার্সি অঞ্চলের বাতাসের মান নেমে গেছে উদ্বেগজনক পর্যায়ে।
দূষণের কারণে এরই মধ্যে নিউইয়র্ক প্রশাসন জরুরি স্বাস্থ্যসতর্কতা জারি করেছে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি দুই ফাইনালিস্টের প্রস্তুতিতে। বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে অনুশীলন করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে আটলান্টায় শেষ অনুশীলন শেষে আর্জেন্টিনা দল এরই মধ্যে নিউ জার্সিতে পৌঁছে গেছে।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ছিল শিকাগো, ডেট্রয়েট ও নিউইয়র্ক। কানাডার দাবানলের ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য। একই সঙ্গে নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের পর এটিই শহরে ধোঁয়ার সবচেয়ে বড় ঘটনার রূপ নিতে পারে। পরিস্থিতি আরও খারাপ হয় কি না, সেটিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরবাসীকে সতর্ক করে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে। বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে যে সবারই স্বাস্থ্যঝুঁকি রয়েছে। দয়া করে আজ কেউ বাইরে দৌড়াতে বা জগিং করতে যাবেন না।’
উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে মাস্ক বিতরণ শুরু করেছে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে দূষণবিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে বলেন, ‘বর্তমানে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়া একই কথা।’
এর আগে ২০২৩ সালে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্কের আকাশ কমলা রং ধারণ করেছিল। সে সময় শহরের বায়ুর মান সূচক (এএকিউআই) ৪৬৫-এ পৌঁছেছিল।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, চলতি সপ্তাহে মিডওয়েস্ট অঞ্চলের কয়েকটি স্থানে বায়ুদূষণের মাত্রা ২০২৩ সালের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কার মধ্যেই এবার বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় নিউইয়র্ক–নিউ জার্সি।
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা লড়াই শুরু করবে স্পেন–আর্জেন্টিনা।