বিশ্বকাপে এবার ‘সাড়ে সাত জোড়া’ ভাই

প্রথম আলো গ্রাফিকস

বিশ্বকাপের ইতিহাসে কি কখনো ভাইয়ে ভাইয়ে লড়াই দেখা গেছে?

দুবার দেখা গেছে। তবে ভাই এক জোড়াই—জেরোম বোয়াটেং ও কেভিন-প্রিন্স বোয়াটেং। ২০১০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানাকে ১-০ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ছোট ভাই জেরোম ছিলেন জার্মানি দলে, তাঁর বড় ভাই কেভিনের গায়ে ছিল ঘানার জার্সি। চার বছর পর ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে একই দলের হয়ে আবার মুখোমুখি হয়েছিলেন দুই ভাই। সেবার জার্মানি-ঘানা ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

এবার বিশ্বকাপে কি তেমন কিছু দেখা যাবে? সে সম্ভাবনা তো আছেই। এবার বিশ্বকাপে মোট আট জোড়া ভাইকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে সেটা হয়ে গেছে ‘সাড়ে সাত জোড়া’—মানে এক জোড়া থেকে একজন বাদ পড়েছেন। এই ‘সাড়ে সাত জোড়া’র মধ্যে চার জোড়া ভাই খেলেন ভিন্ন ভিন্ন দলে।

প্রথমে একই দলে খেলা চার জোড়া ভাইকে পরিচয় করিয়ে দেওয়া যাক। ফ্রান্স দলে আছেন থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজ। নেদারল্যান্ডস দলে আছেন জুরিয়েন টিম্বার ও কুইনটেন টিম্বার। চোটের কারণে অবশ্য জুরিয়েন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। বাকি দুই জোড়া ভাই আছেন বিশ্বকাপে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় থাকা কুরাসাও ও কেপ ভার্দে দলে। লারোস দুয়ার্তে ও দেরয় দুয়ার্তে খেলেন কেপ ভার্দের হয়ে। কুরাসাও দলে আছেন লিয়ান্দ্রো বাকুনা ও জুনিনিও বাকুনা।

আলাদা দলে খেলা চার জোড়া ভাইকেও চিনে নেওয়া যাক। আইভরিকোস্টের হয়ে খেলেন গুয়েলা দুয়ে, তাঁর ভাই দেজিরে দুয়ে খেলেন ফ্রান্সের জার্সিতে। দেজিরে ও গুয়েলার জন্ম ফ্রান্সে হলেও গুয়েলা জাতীয় দল হিসেবে তাঁর বাবার জন্মভূমিকে বেছে নেন।

প্রথম আলো গ্রাফিকস

উইলিয়ামস ভাইদের জন্ম স্পেনের বাস্ক প্রদেশে। বড় ভাই ৩২ বছর বয়সী ইনাকি উইলিয়ামস খেলেন তাঁর বাবা-মায়ের জন্মভূমি ঘানার হয়ে। ছোট ভাই ২৩ বছর বয়সী নিকো উইলিয়ামস স্পেনের তারকা।

ঘানারই সেন্টারব্যাক ডেরিক লাকাসেনের ভাই ব্রায়ান ব্রবি এবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের ব্যাকআপ স্ট্রাইকার। দুই ভাইয়ের মা একই হলেও বাবা ভিন্ন।

আরও পড়ুন

স্কটল্যান্ডে জন্ম নেওয়া সেন্টারব্যাক হ্যারি সউতারকে বিশ্বকাপ দলে নিয়েছে অস্ট্রেলিয়া। তাঁর দুই বছরের বড় ভাই জন সউতারকে বিশ্বকাপ দলে ডেকেছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের অ্যাবেরডিনে দুই ভাইয়ের জন্ম। মা অস্ট্রেলিয়ান। সাত বছর আগে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান হ্যারি সউতার।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। গ্রুপ পর্বের সূচি অনুযায়ী এ পর্যায়ে বিশ্বকাপে ভাইয়ে ভাইয়ে লড়াই দেখার সুযোগ নেই। তবে এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ভাইয়ের দল। গত সপ্তাহে আইভরিকোস্টের বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলে জয়ের ম্যাচে গোল করেন গুয়েলা দুয়ে। গ্যালারিতে বসে ম্যাচটি দেখেন দেজিরে। ম্যাচ শেষে গুয়েলা বলেন, ‘হ্যাঁ, ম্যাচের আগে আমরা খুনসুটি করেছি। তবে দিন শেষে আমরা এক পরিবার এবং আমরা একে অপরের জন্য ভীষণ খুশি।’

প্রথম আলো গ্রাফিকস

গত কয়েক দশকে ইউরোপে অভিবাসনের জোয়ার আফ্রিকান জাতীয় দলগুলোর জন্য প্রতিভার এক বিশাল দুয়ার খুলে দিয়েছে। এই দেশগুলো এখন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের দলে ভেড়াচ্ছে। আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, মরক্কো, সেনেগাল এবং তিউনিসিয়ার মতো বিশ্বকাপ খেলা দলগুলোর ২৬ সদস্যের স্কোয়াডে নিজ দেশে জন্ম নেওয়া খেলোয়াড়ের চেয়ে ইউরোপে জন্ম নেওয়া খেলোয়াড়ের সংখ্যাই বেশি।

আরও পড়ুন