রাজশাহী থেকে কারা পাবে ঢাকার টিকিট

এই ট্রফিটার জন্য লড়ছে দলগুলোছবি: মঈনুল ইসলাম

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে রংপুর অঞ্চলের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে। দ্বিতীয় দল হিসেবে কারা সেরা আটের টিকিট কাটবে, তা জানা যাবে আগামীকাল।

ঐতিহ্যবাহী রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কাল চারটি নারী ফুটবল একাডেমি দল নিয়ে হবে এ অঞ্চলের খেলা। নকআউট পদ্ধতির টুর্নামেন্টের রাজশাহী পর্বে অংশ নিচ্ছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি, স্বাগতিক রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমি, চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি ও জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমি।

সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচের মোড়কে অলিখিত প্রথম আঞ্চলিক সেমিফাইনালে রক্সি ফুটবল একাডেমির মুখোমুখি হবে সানরাইজ। দুপুর ১২টায় অলিখিত দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে ফিরোজ কবির ফুটবল একাডেমি খেলবে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমির বিপক্ষে। আগামীকালই বেলা তিনটায় হবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল ঢাকার সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনাল পর্বে সুযোগ পাবে।

‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’-এ সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি।
প্রথম আলো

সকাল সাড়ে ৯টায় উদ্বোধন হবে রাজশাহী পর্বের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার শিউলি আজিম। উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক নাবিল গ্রুপের পরিচালক মোসা. ইসরাত জাহান, হেড অব মার্কেটিং আক্তারুজ্জামান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ জামানী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাম্মেল হক, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন এবং টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

আরও পড়ুন


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত ৩৬টি ওয়ান স্টার নারী একাডেমি নিয়ে ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে শুরু হয় টুর্নামেন্টটি।

আরও পড়ুন