ফ্রান্সের কোচ হতে মৌখিক সম্মতি জানিয়েছেন জিনেদিন জিদান। ২০২৬ বিশ্বকাপ শেষে তিনি এ দায়িত্ব নিতে বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন। এ বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও জিদান মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও বলা হয়েছে, দেশমের স্থলাভিষিক্ত হতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন জিদান। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ হিসেবে দেশমের চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১২ সালে ফ্রান্স কোচের দায়িত্ব নেন দেশম।
জিদানের সঙ্গে আপাতত আলোচনা অনেকটা এগিয়েছে এবং এখন তাঁর কোচিং স্টাফের গঠন নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে।
১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান জিদান। একদিন যে তিনি দলটির কোচ হবেন, সেই আলোচনা চলছে অনেক আগে থেকে। বিশেষ করে ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছাড়ার পর তাঁর ফ্রান্সের কোচ হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ৫৩ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তির ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জনও চাউর হয়েছে। এবার বিশ্বকাপেই যুক্তরাষ্ট্র কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন জিদান। কিন্তু সব প্রস্তাবই এড়িয়ে গেছেন তিনি। ফলে কোচিং থেকে জিদানের দীর্ঘ পাঁচ বছরের বিরতি এখনো কাটেনি।
ইএসপিএন জানিয়েছে, ফ্রান্স কোচ হিসেবে জিদানের চুক্তিতে সই করার আগে এখন শুধু শেষ মুহূর্তের কিছু খুঁটিনাটি বিষয় মিলিয়ে দেখা বাকি। বিশেষ করে তাঁর কোচিং স্টাফে কতজন সদস্য থাকবেন এবং সেই দলের পরিধি কতটা বড় হবে, এখন মূলত সেটি নিয়েই আলোচনা চলছে।
গত রোববার ফরাসি সংবাদমাধ্যম ‘লা ফিগারো’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো প্রথমবারের মতো স্বীকার করেন যে দেশম–পরবর্তী উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তা তিনি জানেন। সরাসরি জিনেদিন জিদানের নাম না নিলেও দিয়ালো বলেছেন, ‘আমি জানি তিনি কে।’ ইএসপিএনকে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে সেই ব্যক্তি আসলে দেশমেরই ’৯৮ বিশ্বকাপ সতীর্থ জিদান।
ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিলে আর্থিকভাবে কতটা লাভবান হওয়া যাবে, তা নিয়ে স্পনসরদের সঙ্গে আলোচনা শুরু করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফ্রান্স জাতীয় দলের কোচ পদে দেশমের উত্তরসূরি হতে রিয়াল ছাড়ার পর জিদান অন্য কোনো ক্লাবের দায়িত্ব নেননি বলে জানিয়েছে দ্য টাইমস।
রিয়ালের সাবেক মিডফিল্ডার জিদান ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রথম মেয়াদে ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন। এরপর ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে কোচ ছিলেন ক্লাবটির। রিয়াল কোচ হিসেবে দুবার লা লিগা জয়ের পাশাপাশি টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিদান।