বিশ্বকাপ শেষ, ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগ ফিরছে কবে
বিশ্বকাপ ঘিরে এক মাসের বেশি সময়ের রোমাঞ্চ শেষ। স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ফুটবলের সবচেয়ে বড় আসরের, তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে দরজায়। নতুন মৌসুমের প্রস্তুতি, প্রাক্-মৌসুম সফর, নতুন খেলোয়াড়দের অভিষেক—সব মিলিয়ে আবারও জমে উঠতে যাচ্ছে ইউরোপীয় ফুটবল। প্রশ্ন একটাই, বিশ্বকাপের পর ক্লাব ফুটবল মাঠে ফিরছে কবে?
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে মিকেল আরতেতার অধীন প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। নতুন মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে লিগের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে তারা। ২১ আগস্ট রাত ১টায় লিগের প্রথম ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটি।
পরদিন অর্থাৎ ২২ আগস্ট লিগের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে হাল সিটির বিপক্ষে, তবে লিগ শুরুর আগে ১৬ আগস্ট রাত ৮টায় আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে কমিউনিটি শিল্ডের শিরোপা লড়াইয়ে।
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ
২১ আগস্ট ২০২৬
আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি
লা লিগা (স্পেন)
হান্সি ফ্লিকের অধীন টানা দুই মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামছে, তবে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে রিয়াল মাদ্রিদও। এবার লা লিগা শুরু হবে আলাভেস ও হেতাফের ম্যাচ দিয়ে। ১৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ২২ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে। আর বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে এলচের বিপক্ষে। ২৩ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ।
লা লিগার প্রথম ম্যাচ
১৫ আগস্ট ২০২৬
আলাভেস বনাম হেতাফে
সিরি ‘আ’ (ইতালি)
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বুকে স্কুডেত্তোর ব্যাজ নিয়েই নতুন মৌসুম শুরু করবে ইন্টার মিলান। তবে শিরোপা ধরে রাখার পথ মোটেও সহজ হবে না। ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস, এসি মিলান ও নাপোলি দল শক্তিশালী করতে বুদ্ধিদীপ্ত দলবদল করেছে, লক্ষ্য একটাই—ইন্টারকে সিংহাসনচ্যুত করা। এদিকে নতুন মৌসুমে সিরি ‘আ’-তে যোগ দিয়েছে পদোন্নতি পাওয়া ভেনেজিয়া, ফ্রোসিনোনে ও মোনৎসা। ইতালির সর্বোচ্চ লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছে তারাও। ইতালিয়ান লিগ শুরু হবে আগামী ২২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও মোনৎসার ম্যাচ দিয়ে।
সিরি ‘আ’র প্রথম ম্যাচ
২২ আগস্ট ২০২৬
ইন্টার মিলান বনাম মোনৎসা
বুন্দেসলিগা (জার্মানি)
বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে, তবে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুসেন। এদিকে এবার বুন্দেসলিগার অন্যতম আকর্ষণ এসভি এলভার্সবার্গের ঐতিহাসিক অভিষেক। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগে খেলবে তারা।
তাদের সঙ্গে পদোন্নতি পেয়ে বুন্দেসলিগায় ফিরেছে ঐতিহ্যবাহী শালকে ০৪ ও এসসি পাদেরবর্নও। নতুন মৌসুমে নিজেদের সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে তিন দলই। এবারের লিগ শুরু হবে ২৮ আগস্ট বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে ২২ আগস্ট জার্মান সুপার কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া।
বুন্দেসলিগার প্রথম ম্যাচ
২৮ আগস্ট ২০২৬
বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট
লিগ ‘আঁ’ (ফ্রান্স)
ফরাসি ফুটবলে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখা বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে, তবে ব্যবধান কমিয়ে আনতে কৌশলগত পরিবর্তন ও দল গোছাতে ব্যস্ত মার্সেই, মোনাকো ও লঁসের মতো প্রতিদ্বন্দ্বীরা। অন্যদিকে লিগ টু থেকে পদোন্নতি পেয়ে এবার লিগ আঁ-তে জায়গা করে নিয়েছে ত্রোয়া ও লে মান। এবারের লিগ শুরু হবে ২১ আগস্ট মার্সেই ও স্ট্রাসবুর্গের ম্যাচ দিয়ে। আর চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ আগস্ট রাতে রেঁনের বিপক্ষে।
লিগ ‘আঁ’র প্রথম ম্যাচ
২১ আগস্ট ২০২৬
মার্সেই বনাম স্ট্রাসবুর্গ
উয়েফা সুপার কাপ
লিগ শুরুর আগে সবচেয়ে বড় ম্যাচটি মাঠে গড়াবে ১২ আগস্ট রাত ১টায়। উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে এদিন মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন পিএসজি ও ইউরোপা লিগ বিজয়ী অ্যাস্টন ভিলা।
উয়েফা সুপার কাপ
১২ আগস্ট ২০২৬
পিএসজি বনাম অ্যাস্টন ভিলা