এবার আলভারেজকে ছিটকে দিল চোট

অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছেন আলভারেজ।রয়টার্স

দুঃসময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না হুলিয়ান আলভারেজের। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর যখন আতলেতিকো মাদ্রিদে নিজের হারানো জায়গা পুনরুদ্ধার আর সমর্থকদের রাগ ভাঙানোই ছিল প্রধান চ্যালেঞ্জ, ঠিক তখনই তিনি পড়লেন অনাকাঙ্ক্ষিত চোটে।
পেশির চোটে কাবু হয়ে পড়া আলভারেজকে ছাড়াই সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আতলেতিকোকে।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে চোটের খবর নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পেশির সমস্যার কারণে সান সেবাস্তিয়ান সফরে যেতে পারেননি হুলিয়ান। গতকাল অনুশীলনও করেননি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে এই ম্যাচ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ
এএফপি


সোসিয়েদাদের মাঠে বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আলভারেজের অনুপস্থিতি আতলেতিকোর আক্রমণভাগে বড় ধরনের ধাক্কা হতে পারে।

গত জুনে বিশ্বকাপ চলাকালেই আতলেতিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আলভারেজ। তার চোখ ছিল বার্সেলোনার ড্রেসিংরুমে, আর কাতালান ক্লাবটিও তাকে দলে ভিড়াতে সাধ্যের সবটুকু চেষ্টা করেছিল। কিন্তু মাদ্রিদের ক্লাবটি কোনোভাবেই নিজেদের তারকাকে প্রতিপক্ষের হাতে তুলে দিতে রাজি হয়নি।

এই টানাপোড়েনের রেশ এসে পড়েছিল মাঠেও। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে নিজের সমর্থকদের কাছ থেকেই তীব্র ভর্ৎসনা আর দুয়ো শুনতে হয় তাকে। অভিমানে এরপর টানা তিন দিন ক্লাবের অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি। শাস্তি হিসেবে লিগের তৃতীয় রাউন্ডে সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাঁকে রাখা হয়নি স্কোয়াডে।

গত সপ্তাহে বিলবাওয়ের বিপক্ষে বদলি হিসেবে ৩১ মিনিট খেলে মাঠের চেনা ছন্দে ফেরার বার্তাও দিয়েছিলেন আলভারেজ।
এএফপি


অবশেষে যখন এটা নিশ্চিত হয়ে গেল যে আপাতত আতলেতিকো মাদ্রিদেই ডেরা বাঁধতে হচ্ছে, তখন চেনা ছন্দে ফেরার চেষ্টা শুরু করেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। গত সপ্তাহে বিলবাওয়ের বিপক্ষে বদলি হিসেবে ৩১ মিনিট খেলে মাঠের চেনা ছন্দে ফেরার বার্তাও দিয়েছিলেন। যখন সব পরিস্থিতি স্বাভাবিক করার এক যুদ্ধ শুরু করেছিলেন আলভারেজ, তখনই ভাগ্য তার সঙ্গে এমন নির্মম রসিকতা করে বসল।


চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে ধুঁকতে থাকা আতলেতিকোর জন্য যেমন এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর, আলভারেজের জন্য তা ছিল নিজেকে আবারও চেনা রূপে প্রমাণের। কিন্তু চোট আপাতত আটকে দিল আর্জেন্টাইন তারকার ফেরার পথ।