এমবাপ্পে-জিরুর দিনে সহজ জয় ফ্রান্সের
২০২৪ ইউরো বাছাইয়ে জয়যাত্রা ধরে রেখেছে ফ্রান্স। কাল রাতে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে দিদিয়ের দেশমের দল। ৩ ম্যাচের সবগুলো জিতে মোট ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কাতার বিশ্বকাপের রানার্সআপরা। অন্য দিকে ‘সি’ গ্রুপের ম্যাচে মাল্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড।
পর্তুগালের এস্তাদিও আল গারাভো স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। কিংসলে কোমানের ক্রস থেকে হেডে গোল করেন অলিভার জিরু। ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা এ নিয়ে ৫৪ গোল করলেন। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডেও কাল একজনকে ছুঁয়ে ফেলেন জিরু। ১২৩ ম্যাচ খেলে ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচের রেকর্ডটা এত দিন ছিল থিয়েরি অঁরির, এবার তাঁর পাশে বসেছেন জিরু।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জিব্রাল্টারের ডিফেন্ডার হ্যান্ডবল করায় পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। ৭৮ মিনিটে এমবাপ্পের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালে জড়ান জিব্রাল্টারের আয়মেন মৌলেহি।
ফ্রান্স আরও গোল পেতে পারত যদি অঁরেলিয়ে চুয়ামেনি ও আঁতোয়ান গ্রিজমান লক্ষ্যভেদ করতে পারতেন। দুজনেই বল পোস্টে মেরেছেন। ফ্রান্সের হয়ে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় গোলরক্ষক ব্রাইস সাম্বার। তাঁকে কোনো সেভ করতে হয়নি।
‘সি’ গ্রুপ থেকে মাল্টার মাঠে নেমেছিল ইংল্যান্ড। এ বছর প্রথমবারের মতো ইংল্যান্ডের একাদশের হয়ে মাঠে নেমে দারুণ খেলেছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। লিভারপুলের রাইটব্যাক মিডফিল্ডার হিসেবে খেলে নিজে একটি গোল করানোর পাশাপাশি দুটি গোলের উৎসও ছিলেন।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৭২তম দেশ মাল্টার বিপক্ষে জিততে কোনো অসুবিধাই হয়নি গ্যারেথ সাউথগেটের দলের। ৮ মিনিটে মাল্টার আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ২৮ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন আলেক্সান্ডার-আর্নল্ড। ৩১ ও ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন ও ক্যালাম উইলসন। ২০০৭ সালে মাইকেল ওয়েনের পর নিউক্যাসল ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের জার্সিতে গোল করলেন উইলসন।
৩ ম্যাচের সবগুলো জিতে মোট ৯ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে ইংল্যান্ড।