গ্লাভস হাতে গোলকিপার থেকে মুকুট মাথার রাজা
লন্ডনের ফুটবল মাঠ থেকে সরাসরি উগান্ডার ঐতিহ্যবাহী রাজ্যের সিংহাসনে—অবিস্মরণীয় এক ঘটনার জন্ম দিতে চলেছেন জর্জ ডেসমন্ড কামুরাসি।
৩৬ বছর বয়সী কামুরাসি ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসে খেলেন। শুধু খেলেন–ই–না, তিনিই দলটির এক নম্বর গোলকিপার ও অধিনায়ক। সামনেই এফএ কাপের দ্বিতীয় বাছাই রাউন্ডে এসই ডনসের ম্যাচ। আর এমন সময়ে কামুরাসি ছুটে গেছেন উগান্ডায়। সবকিছু ঠিক থাকলে তিনি কয়েক দিনের মধ্যে উগান্ডার পশ্চিমাঞ্চলের তোড়ো রাজ্যের রাজা হতে চলেছেন।
দেশটির সংবাদমাধ্যম স্পাই উগান্ডা রাজপরিবারের উত্তরাধিকারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। কামুরাসিকে পরবর্তী রাজা হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছে বিবিসি ও ইএসপিএনও।
তোড়ো রাজ্যের বর্তমান রাজা ও কামুরাসির চাচাতো ভাই কিং ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ গত মাসে ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান। দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন ওয়ো।
ওয়োর মৃত্যুর পরই শুরু হয় উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া। তোড়ো রাজ্যের রয়্যাল সিলেক্ট কমিটির ১৮ সদস্যের মধ্যে শুক্রবার উপস্থিত ১৫ জনই কামুরাসির পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে উগান্ডার সংবাদমাধ্যমগুলো। আনুষ্ঠানিকভাবে নতুন রাজা ঘোষণার প্রক্রিয়া শেষ হবে ওয়োর শেষকৃত্যের পর।
কামুরাসি নিজে অবশ্য এখনো রাজা হওয়ার খবর নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি বলেন, নতুন ওমুকামা (রাজা) নির্বাচনের সাংস্কৃতিকপ্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তিনি সবাইকে তাঁর প্রয়াত চাচাতো ভাই রাজা ওয়োর শোক পালনে মনোযোগ দেওয়ার অনুরোধ করেন।
স্পাই উগান্ডা জানিয়েছে, রাজা নির্বাচিত হলেও কামুরাসি নাকি লন্ডনের জীবন ছেড়ে দেশে ফিরে রাজপরিবারের দায়িত্ব নেওয়া নিয়ে কিছুটা অনিচ্ছুক। সেটি সত্য হলে সামনে তৈরি হতে পারে অদ্ভুত এক দ্বন্দ্ব—ফুটবল নাকি সিংহাসন?
কারণ, লন্ডনের ফুটবলজীবনটাও কামুরাসির মন্দ কাটছে না। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার এসই ডনসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১৪ সালে ব্রিটিশ র্যাপার অ্যান্ড্রু ম্যাকহিউ প্রতিষ্ঠিত ক্লাবটি শুরুতে ইউটিউবের মাধ্যমে পরিচিতি পায়। বর্তমানে নন–লিগের দল হিসেবে নবম স্তরে খেলে।
তবে এসই ডনস এবার এফএ কাপেও নজর কেড়েছে। শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডে উঠেছে তারা। ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলবে চিচেস্টার সিটির বিপক্ষে। এই ম্যাচের প্রস্তুতির সময়েই উগান্ডায় রাজা নির্বাচনের আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকতে হবে কামুরাসিকে। তোড়ো রাজ্যের রীতি অনুযায়ী সিংহাসনের জন্য নতুন রাজাকে একজনের সঙ্গে ‘লড়াই’ করার আনুষ্ঠানিকতা সারতে হয়।
উগান্ডায় অবশ্য রাজাদের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। দেশটি নির্বাচিত প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মাধ্যমে পরিচালিত হয়। তবে তোড়োসহ দেশটির কয়েকটি ঐতিহ্যবাহী রাজপরিবার এখনো মানুষের মধ্যে যথেষ্ট সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব ধরে রেখেছে।