সেমিফাইনালের চার দল চূড়ান্ত, শেষ কোয়ার্টারে সাজ্জাদ-স্বাধীনের হ্যাটট্রিক

ফারইস্ট ও শান্ত–মারিয়াম ম্যাচে চলছে বল দখলে এগিয়ে যাওয়ার লড়াইছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), গণ বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আগামীকাল সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে জাহাঙ্গীরনগরের মুখোমুখি হবে ফারইস্ট। বেলা ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে গণ বিশ্ববিদ্যালয়ের সামনে এআইইউবি।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চার কোয়ার্টার ফাইনাল। এর মধ্যে প্রথমটি ছিল নাটকীয়তায় ভরপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তের গোলে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শেষ চারে ওঠে।

জাহাঙ্গীরনগর–সিসিএন ম্যাচে ছিল তুমুল লড়াই
ছবি: প্রথম আলো

প্রথম ম্যাচে মাত্র এক গোল হলেও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দেখেছে গোল বন্যা। চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে এআইইউবির জয়ের ব্যবধান বিশাল, ৮-১। এরপর চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের জয় ৩-১ ব্যবধানে। দিনের শেষ কোয়ার্টার ফাইনালে শান্ত-মারিয়ামকে ৭-০ গোলে হারিয়ে চতুর্থ  দল হিসেবে শেষ চারে জায়গা নেয় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফারইস্ট।

দিনের শেষটা হয় জোড়া হ্যাটট্রিকের ঝলকে। ফারইস্টের ৭ গোলের ছয়টিই করেন দু্ই ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন ও স্বাধীন হোসেন। দুজনই হ্যাটট্রিক পূর্ণ করে মাঠ ছাড়েন। তবে স্বাধীনের আগেই হ্যাটট্রিক করা সাজ্জাদ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সাজ্জাদ-স্বাধীন দুজনই খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সাজ্জাদ ঢাকা মোহামেডানে, স্বাধীন রহমতগঞ্জে। এই দুজন ছাড়াও প্রিমিয়ার লিগের আরও ৫ জন খেলেছেন আজ ফারইস্টের জার্সিতে। যার মধ্যে আছেন জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ও।

ফারইস্টের হয়ে হ্যাটট্রিক করেন সাজ্জাদ হোসেন ও স্বাধীন হোসেন
ছবি: প্রথম আলো

ঢাকা আবাহনীতে হৃদয়ের সতীর্থ আল আমিনও আজ ফারইস্টের জার্সিতে খেলেছেন। গোলে ছিলেন চট্টগ্রাম আবাহনীর পাপ্পু হোসেন, যিনি এবার বাংলাদেশের অলিম্পিক দলে ডাক পেয়েছেন। সেন্টারব্যাকে রহমতগঞ্জের তানভীর, রাইট ব্যাকে মুক্তিযোদ্ধার ফাহিম ছিলেন। প্রিমিয়ার লিগের ৯ জনের মধ্যে আজ ফারইস্টের হয়ে খেলেছেন ৭ জন। এমন দল নিয়ে ফারইস্ট শিরোপা জয়ের আশা করতেই পারে।

শিরোপার আরেক দাবিদার গণ বিশ্ববিদ্যালয়। পেশাদার লিগের দ্বিতীয় স্তরের বেশ কজন খেলোয়াড় নিয়ে দলটি অনুমিতভাবেই এসেছে শেষ চারে। আজ দুই গোল করে ম্যাচ সেরা হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের সাইফ শামসুদ।

গণ বিশ্ববিদ্যালয়কে থামাতে পারেনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এআইইউবির ৮-১ গোলের বিশাল জয়ে হ্যাটট্রিক করেও ম্যাচসেরার পুরস্কার পাননি ফায়েজ আজিম। বরং দুই গোল করে এবং গোলে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন একই দলের ফাইয়াজ আহমেদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন গত মৌসুমে বসুন্ধরা কিংসে খেলা মিডফিল্ডার মাহমুদুল হাসান কিরণ (এবার শেখ জামার ধানমন্ডিতে নাম লেখাচ্ছেন)।

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগরের তিন ম্যাচেই সেরার স্বীকৃতি উঠেছে কিরণের হাতে। প্রথম দুই ম্যাচে করেছেন দুটি করে গোল। আজ গোল না পেলেও গোলে রেখেছেন অবদান। শেষ বাঁশির আগে সিসিএনের গোলমুখে কিরণের হেড থেকে শাহরিয়ার আলতো টোকায় জয়সূচক গোলটি করেন। এই গোলের কিছুক্ষণ আগে বদলি হিসেবে শাহরিয়ার মাঠে নামেন এবং বলে প্রথম পা ছুঁইয়েই পেয়ে যান দলকে সেমিফাইনালে তোলা মহামূল্যবান গোলটি।

সাদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে বড় ব্যবধানে জেতে এআইইউবি
ছবি: প্রথম আলো

ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ। খেলা দেখে উচ্ছ্বসিত আলফাজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ কিছু ফুটবলার আছে, যারা শীর্ষ ফুটবলে খেলার যোগ্যতা রাখে। আশা করি, এই টুর্নামেন্ট থেকে নতুন কিছু মুখ আমরা পাব, যারা ভবিষ্যতে পেশাদার পর্যায়ে খেলতে পারবে।’

শেষ ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. রকীব আহমেদ। এ ছাড়া ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উপব্যবস্থাপক সুব্রত দেব ও আবদুল্লাহিল মামুন, ব্যবস্থাপক এস এম তৌফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এনায়েত খান।