আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ

ভারত ফুটবল দলের কোচ নওশাদ মুসাশামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে’—সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করার পর ঢাকায় খাবারের ব্যবস্থা নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন ভারত ফুটবল দলের কোচ নওশাদ মুসা। তাঁর অভিযোগ, খেলোয়াড়দের প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হচ্ছে। অথচ ম্যাচের পর তাঁদের প্রয়োজন পুষ্টিকর ও ভালো খাবার।

আজ জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের ১৫তম সেমিফাইনাল। মাঠের জয়ে আনন্দ থাকলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খাবার নিয়ে অসন্তোষ জানান ভারতীয় কোচ।

আয়োজকদের আতিথেয়তা নিয়ে প্রশ্নের জবাবে নওশাদ মুসা বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না আপনাকে এই খাবারই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট খাবারের তালিকা দেওয়া হয়েছে, যা সব সময় মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়েরা হয়তো বেশি খেতে চান না। কিন্তু ম্যাচ শেষে তাঁদের ভালো খাবার প্রয়োজন হয়। অথচ প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।’

খাবার নিয়ে অসন্তোষ থাকলেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ নেই ভারতের কোচের। তিনি জানিয়েছেন, ম্যাচ না থাকলেও দলের সঙ্গে নিরাপত্তারক্ষী ও গাড়িবহর থাকে। নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি তাঁদের।

ভারত–মালদ্বীপ ম্যাচের ডাগআউটে নওশাদ মুসা
প্রথম আলো

মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে কথা বলতে গিয়ে দলের প্রস্তুতির সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন মুসা, ‘দল যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই খুব খুশি। মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েও ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। তাদের নিয়ে আমি গর্বিত।’

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মুসা বলেন, ‘সবকিছু নির্ভর করবে নির্দিষ্ট দিনে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের ওপর।’

১৪ নভেম্বর সেমিফাইনালে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন