বার্সেলোনায় মেসির সঙ্গে সুয়ারেজের সেই কান্নার দিনগুলো

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ—যখন বার্সেলোনায় ছিলেন দুজন।এএফপি ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ছিলেন হরিহর আত্মা। সেই অধ্যায় পেছনে ফেলে দুজন ভিন্ন পথ ধরলেও তাঁদের সেই বন্ধুত্ব অটুটই রয়ে গেছে। এখনো খেলার বিরতিতে মেসি ও সুয়ারেজকে পরিবার নিয়ে একসঙ্গে ঘুরতে যেতে দেখা যায়। এই দুজনের মধ্যে আগে বার্সা ছেড়েছিলেন সুয়ারেজ।

ক্যাম্প ন্যু থেকে প্রিয় বন্ধুর বিদায় বেদনাহত করেছিল মেসিকে। ২০২০ সালের গ্রীষ্মে তাঁদের সঙ্গে বার্সেলোনা যে আচরণ করেছিল, তা-ও মানতে পারেননি আর্জেন্টাইন তারকা। সে সময় মেসি-সুয়ারেজ দুজনই নাকি কাঁদতেন।

বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার সময় কেঁদেছেন মেসি
এএফপি

সেই কান্নার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সুয়ারেজ। সুয়ারেজ বার্সা ছাড়ার এক বছর পর অবশ্য মেসিকেও একই পথ ধরতে হয়েছে। সেবার অবশ্য চোখের জল আর গোপন করেননি তিনি। প্রিয় ক্লাবকে বিদায় বলতে গিয়ে সেদিন কান্না থামাতে পারেননি সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

আরও পড়ুন

বার্সেলোনায় ডাচ কোচ রোনাল্ড কোমান কোচ হয়ে আসার পর থেকেই ব্রাত্য হয়ে পড়েন সুয়ারেজ। এমনকি মূল দলের সঙ্গে অনুশীলন করা থেকেও তাঁকে দূরে সরিয়ে রাখা হয়। এমন পরিস্থিতিতে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে অনেকটা বাধ্য হয়েই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়।

বার্সায় সে সময় তাঁর অবস্থা কেমন ছিল, তা জানাতে গিয়ে সুয়ারেজ বলেছেন, ‘আমি অনুশীলনে যেতাম এবং তারা আমাকে আলাদাভাবে অনুশীলন করতে পাঠাত। আমি অনেক ভুগেছি। ওরা আমার সঙ্গে যে আচরণ করত, সে জন্য বাসায় ফিরে এসে অনেক কাঁদতাম। এটা আমাকে কষ্ট দিত।’

আরও পড়ুন

মেসি ও সুয়ারেজকে আলাদা করে রাখতেই নাকি এমন কৌশল গ্রহণ করেছিলেন কোমান। এ অভিযোগও সুয়ারেজেরই, ‘এটা (আলাদা অনুশীলন করতে বলা) এই বার্তাও দিয়েছে যে তারা মেসিকে একা করতে চায়, তাকে আলাদা করে দিতে চায়। আমাদের খারাপ সময় গেছে, সে-ও (মেসি) অনেক ভুগেছে। বার্সেলোনায় মেসিকে যেভাবে কাঁদতে দেখেছি, তেমনটা আর কখনো দেখিনি। এটা তাকে কষ্ট দিয়েছে। কেন এমন হচ্ছে, আমি তা একদমই বুঝতে পারিনি। তবে আমার ভাগ্য ভালো যে আতলেতিকো মাদ্রিদে গিয়ে আমি ভালোই ছিলাম।’

সুয়ারেজের বিদায় অনুষ্ঠান, পাশে বার্তোমেউ।
ছবি: টুইটার

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এবং বার্সাকে মেসির বুরোফ্যাক্স (এটি স্পেনের পোস্টাল সার্ভিসের একটি সেবা, যার মাধ্যমে মেসি ২০২০ সালে বার্সাকে ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন) বার্সার পরিস্থিতিকে জটিল করে তুলেছিল বলেও জানান সুয়ারেজ, ‘সবকিছু তখন বেশ জটিল এবং বেদনাদায়ক ছিল। প্রথমত, বিষয়গুলো যেভাবে ঘটেছিল এবং দ্বিতীয়ত, তারা যেভাবে আমাদের সঙ্গে আচরণ করেছিল।’