৫ বছর পর ‘ঘরে’ ফিরছে দেশের ফুটবল
আঙুলের ওপর ফুটবল ঘুরিয়ে হাঁটছিলেন মাঠকর্মী চান মিয়া। খেলোয়াড়, কোচ কিংবা সংগঠকদের কাছে অবশ্য তিনি পরিচিত ‘চান্দু মিয়া’ নামে। জাতীয় স্টেডিয়ামের মাঠের সঙ্গে তাঁর সখ্য বহুদিনের। ঘাসের যত্ন নেওয়া, খেলার আগে মাঠ প্রস্তুত করা, আবার খেলা শেষে সব গুছিয়ে রাখা—সবই নিত্যদিনের কাজ।
সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে সপ্তাহখানেক হলো। কিন্তু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি, ডাগআউটে গতকালও শোভা পাচ্ছিল সাফের বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম। পাঁচ বছর বিরতির পর আজ ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। অথচ ম্যাচের আগের দিন বিকেলেও মাঠে গিয়ে বোঝার উপায় ছিল না তা।
আজ বেলা আড়াইটায় জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস ও রহমতগঞ্জ। ম্যাচের আগের দিন তারাও অনুশীলন করেছে যে যার মাঠে। গতকাল বিকেলে জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা বলতে ছিল নারী ফুটবল দলের অনুশীলন।
জাতীয় দলের খেলার জন্য এক মাস বিরতির পর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে আজ এক দিনে হবে তিনটি ম্যাচ। জাতীয় স্টেডিয়াম ছাড়াও মুন্সিগঞ্জে খেলবে আবাহনী–ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। মানিকগঞ্জের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। ‘এ’ গ্রুপে থাকা ব্রাদার্স এরই মধ্যে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট তুলে গ্রুপের শীর্ষে আছে। চট্টগ্রাম সিটিরও চার পয়েন্ট। তবে গোল ব্যবধানে তারা পিছিয়ে। এক ম্যাচে এক ড্রয়ে ফর্টিসের পয়েন্টও এক।
অন্য দুই ম্যাচের তুলনায় ফর্টিস-রহমতগঞ্জ ম্যাচটিকে বিশেষ করে তুলেছে পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের উপলক্ষ। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী–বসুন্ধরা কিংস ম্যাচের পর এ মাঠে আর ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ হয়নি। সংস্কারকাজের জন্য বন্ধ ছিল খেলা। সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে, সাফও হয়েছে। কিন্তু ঘরোয়া ফুটবলের জন্য এত দিন অপেক্ষায় ছিল দেশের ঐতিহ্যবাহী এই ভেন্যু। সেই অপেক্ষারই অবসান হচ্ছে আজ।
ঘরোয়া ফুটবলের ‘ঘরে’ ফেরার আনন্দটা স্বাভাবিকভাবে খেলোয়াড়দের মধ্যেই বেশি। রহমতগঞ্জের ফরোয়ার্ড রফিকুল ইসলাম যেমন বলেছেন, ‘ঘরোয়া ফুটবল নিয়মিত এই মাঠে হলে আমাদের জন্যও ভালো হবে। দর্শকেরাও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।’
ফর্টিসের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের কাছে জাতীয় স্টেডিয়াম যেন আরও আপন। এ মাঠে ঘরোয়া ফুটবল খেলার ইতিবাচক দিক তুলে ধরে বললেন, ‘আসলে জাতীয় স্টেডিয়ামের মতো আন্তর্জাতিক মানের একটা মাঠে খেললে খেলোয়াড়দের জন্যও ভালো। চোটে পড়ার ঝুঁকিটা কম থাকে।’
বাংলাদেশের ফুটবলের কত ইতিহাস, কত স্মৃতি জড়িয়ে জাতীয় স্টেডিয়ামের সঙ্গে! ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল—একসময় সবকিছুরই ঠিকানা ছিল এ মাঠ। জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরাটা দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সূচি অনুযায়ী ফেডারেশন কাপের গ্রুপ পর্বের আরও ছয়টি ম্যাচ হওয়ার কথা এ মাঠে। এ ছাড়া লিগ এবং ফেডারেশন কাপের নকআউট পর্বের কিছু ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের।
গত এক মাস দেশের ফুটবলের আলোটা ছিল জাতীয় দলকে ঘিরে। আসিয়ান কাপের পর সাফ ঘিরে উন্মাদনা। বাংলাদেশ দল শিরোপা জিততে না পারলেও মাঠে ফুটবল ফিরেছিল, ফিরেছিল দর্শকদের উচ্ছ্বাসও। সেই ব্যস্ততা শেষ। এবার জাতীয় দলের জার্সি তুলে রেখে ক্লাবের জার্সিতে মাঠে নামবেন খেলোয়াড়েরা। পাঁচ বছর আগে যে মাঠে শেষবার ঘরোয়া ফুটবলের ম্যাচ হয়েছিল, সেখানে আজ আবার বাজবে নতুন শুরুর বাঁশি।