বেঁচে রইল ইতালির বিশ্বকাপ–স্বপ্ন

ইতালিকে এগিয়ে দেওয়ার পর সান্দ্রো তোনালিএএফপি

আপাতত হাঁপ ছেড়ে বাঁচল ইতালি। উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে ইউরোপিয়ান প্লে–অফের ফাইনালে তো ওঠা গেছে। বেরগামোতে আজ ২–০ গোলে জিতেছে ইতালি। আর তাতে বিশ্বকাপ স্বপ্ন চুরমার হয়েছে আইরিশদের।

দুদিন আগে জেনারো গাত্তুসো স্বীকার করে নিয়েছিলেন তিনি নার্ভাস। শুধু কী ইতালির কোচ, নার্ভাস তো ছিলেন সব ইতালিয়ানই। টানা দুবার বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারা দলটি তৃতীয়বার একই অভিজ্ঞতার সামনে দাঁড়ালে তো এমনই হওয়ার কথা!

ইতালিয়ানদের সেই নার্ভাসনেস বা বুক ধুকপুকানি আজ ইউরোপিয়ান প্লে–অফের সেমিফাইনালে নিশ্চিত করেই বেড়ে গিয়েছিল। ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে আজ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষ ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে গোল করে ইতালিয়ানদের এগিয়ে দেন সান্দ্রো তোনালি। ২৪ মিনিটে ময়জে কিনের গোল নিশ্চিত করে দেয় এবার আর প্লে–অফের সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছে না ইতালি।

২–০ গোলের জয়ে প্লে–অফের ফাইনালে উঠে বিশ্বকাপের সঙ্গে দূরত্ব এক ম্যাচে নামিয়ে এনেছে ইতালি। ৩১ মার্চ ফাইনালে বসনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। সেই ম্যাচ জিতলেই ২০১৪ সালের পর আবার বিশ্বকাপের টিকিট পাবে আজ্জুরিরা।

আজ পাথ ‘এ’র অন্য সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়েছে একবার বিশ্বকাপ খেলা বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১–১ গোলে ড্র ছিল ম্যাচটি।

আরও পড়ুন

ইউরোপিয়ান প্লে–অফ সেমিফাইনালের ফল