ভক্তের ভালোবাসার চোটে মাটিতে পড়ে গেলেন মেসি
প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু লিওনেল মেসি তখন চোটে পড়ায় ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হয় আজ বাংলাদেশ সময় সকালে। বোঝাই যাচ্ছে, মায়ামির প্রাক্–মৌসুম সফরে এই প্রীতি ম্যাচে মূল ‘আকর্ষণ’ মেসি। আর সে আকর্ষণকে একটু ছুঁয়ে দেখতে গিয়ে কি না তাঁকে ফেলে দিলেন এক ভক্ত!
পুয়ের্তো রিকোয় সে ম্যাচে ২০ হাজার দর্শকের সামনে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন সেই মেসিই। ইকুয়েডরের ক্লাব ইন্দেপেদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে মায়ামি জিতেছে ২-১ গোলে। বদলি নেমে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন মেসি।
তবে ম্যাচে হার-জিত ছাপিয়ে বড় হয়ে উঠেছে ভিন্ন এক ঘটনা। ম্যাচের ৮৮ মিনিটে কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়লে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে সেই অনুপ্রবেশকারীদের একজন মেসিকে জড়িয়ে ধরতে গিয়ে তাঁকে মাঠে ফেলে দেন। তখন দৌড়ে এক নিরাপত্তাকর্মীও মাঠে ঢুকে সেই ভক্তকে নিবৃত্ত করার চেষ্টা করেন। আর সেটা করতে গিয়ে তিনজনই গড়াগড়ি খেয়েছেন মাটিতে।
মেসি দ্রুতই উঠে দাঁড়ান এবং এ ঘটনায় তিনি কোনোও চোট পাননি। তবে এ ঘটনার পরও দর্শকদের মাঠে ঢুকে পড়া থামানো যায়নি। বেশির ভাগই ছিল শিশু-কিশোর। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ঢুকে মাঠ খালি করেন এবং ম্যাচ শেষে মেসিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বায়ামোনের হোয়ান র্যামন লোব্রিয়েল স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়। মায়ামির একাদশে ছিলেন না মেসি। মায়ামিকে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে দেন সান্তিয়াগো মোরালেস। তবে অল্প সময়ের মধ্যে ইন্দেপেদিয়েন্তেকে সমতায় ফেরান প্যাট্রিক মেরকাদো। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মায়ামির প্রাক্–মৌসুম সফর শেষ হয়েছে আগেই। এমএলএসে নতুন মৌসুমও শুরু করেছে হাভিয়ের মাচেরানোর দল। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরে মৌসুম শুরু করেছে মায়ামি। মেসিরা পরের ম্যাচে খেলবেন আগামী ২ মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় অরল্যান্ডো সিটির বিপক্ষে।