আর্সেনাল না সিটি: শিরোপা-ভাগ্য ঠিক করে দিতে যে পাঁচটি গেমউইক

গ্রাফিকস: অপ্টা

মৌসুমের প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল এবার আর্সেনাল বুঝি এক অদম্য, অপ্রতিরোধ্য এক দল। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে লিগ শিরোপার দিকে এগোচ্ছিলেন মিকেল আরতেতার শিষ্যরা। এমনকি এই মাসের শুরুর দিকেও ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু গত কয়েক সপ্তাহে গানারদের ছন্দপতন পাল্টে দিয়েছে সব হিসাব।

এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা

শীর্ষ ৫ দল

সর্বশেষ গত বুধবার রাতে পয়েন্ট তালিকার তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুই গোলের লিড নিয়েও যেভাবে পয়েন্ট ভাগাভাগি করল আর্সেনাল, তাতে শিরোপা লড়াই এখন অনেকটাই উন্মুক্ত। সর্বশেষ সাত ম্যাচে আর্সেনালের জয় মাত্র দুটি। যদিও তারা এখনো দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এবং তিনে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে, কিন্তু গানাররা ম্যাচ খেলেছে একটি বেশি। রুদ্ধশ্বাস এই লড়াইয়ের পর কার মাথায় প্রিমিয়ার লিগের মুকুট উঠবে, তা ঠিক করে দিতে পারে সামনের পাঁচটি গুরুত্বপূর্ণ ‘গেমউইক’।

শিরোপার লড়াইয়ে খুব ভালোভাবেই আছে ম্যান সিটি
এএফপি

গেমউইক ২৭:  ম্যান সিটি-নিউক্যাসল, টটেনহাম-আর্সেনাল

টানা দুই ড্রয়ের পর আর্সেনালের সামনে ঘুরে দাঁড়ানোর সেরা সুযোগ এই সপ্তাহে। কিন্তু ম্যাচটা যে চিরশত্রু টটেনহামের বিপক্ষে ‘নর্থ লন্ডন ডার্বি! টটেনহামের জন্যও অবনমন অঞ্চল থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার ম্যাচ এটা। টমাস ফ্র্যাঙ্ককে বিদায় করে দেওয়ার পর নতুন কোচ ইগর তুদোরের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। ঘরের মাঠে অবশ্যই দারুণ অভিষেকের প্রত্যাশা থাকবে নতুন কোচের। আর সেটা হলে প্রতিবেশীদের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা লাগবেই। অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি স্বাগত জানাবে ক্লান্ত নিউক্যাসল ইউনাইটেডকে। আজারবাইজানের কারাবাগ থেকে দীর্ঘ সফর সেরে ফিরলেও সেখানে ৬-১ গোলের বিশাল জয় ম্যাগপাইদের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি দেবে। এই মৌসুমেই সেন্ট জেমস পার্কে হেরেছিল সিটি, ফলে ইতিহাদে গার্দিওলার শিষ্যদের থাকতে হবে প্রচণ্ড সতর্ক।

আরও পড়ুন

গেমউইক ২৮: লিডস-ম্যান সিটি,  আর্সেনাল-চেলসি

মার্চের শুরুতেই আর্সেনালের সামনে আরেক লন্ডন ডার্বি—প্রতিপক্ষ চেলসি। এই বছর লিগ কাপে চেলসিকে দুবার হারালেও লিয়াম রোজনিয়রের অধীনে চেলসি এখন অনেক বেশি আক্রমণাত্মক। গানারদের নড়বড়ে রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারেন ব্লুজ ফরোয়ার্ডরা। অন্যদিকে সিটি অতিথি হয়ে যাবে লিডসের মাঠে। এলান্ড রোডে খেলা বরাবরই কঠিন, মৌসুমে প্রথম দেখায় যোগ হওয়া সময়ের গোলে কোনোমতে জিতেছিল গার্দিওলার দল।

প্রায় দুই দশকের দীর্ঘ শিরোপা খরা কাটানোর হাতছানি আর্সেনালের সামনে।
রয়টার্স

গেমউইক ৩৩: ম্যান সিটি-আর্সেনাল

এপ্রিলের এই ম্যাচটিই হতে পারে অলিখিত ফাইনাল। ইতিহাদ স্টেডিয়ামে সিটির মুখোমুখি হবে আর্সেনাল। লিগ কাপ ফাইনালের পর এটিই হবে তাদের মৌসুমে তৃতীয় দেখা। প্রথম দেখায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেয়েছিল আর্সেনাল। ইতিহাদে গানারদের রেকর্ড খুব একটা সুবিধার নয়, তাই ড্র করতে পারলেও হয়তো সন্তুষ্ট থাকবেন আরতেতা।

গেমউইক ৩৪: আর্সেনাল-নিউক্যাসল,  বার্নলি-ম্যান সিটি

সিটির মাঠ থেকে ফিরেই গানারদের সামলাতে হবে নিউক্যাসলকে। এডি হাউয়ের দল বরাবরই আরতেতার শিষ্যদের জন্য এক ধাঁধা। সেপ্টেম্বরে গ্যাব্রিয়েলের শেষ মুহূর্তের গোলে কোনোমতে ২-১ ব্যবধানে জিতেছিল আর্সেনাল। উল্টোদিকে ম্যানচেস্টার সিটির জন্য ওই সপ্তাহটি হবে অনেকটা ছুটির মতো। প্রতিপক্ষ রেলিগেশন শঙ্কায় থাকা বার্নলি। গার্দিওলা বার্নলির বিপক্ষে ১৯ ম্যাচের ১৮টিতেই জিতেছেন, যেখানে গোল ব্যবধান অবিশ্বাস্য, ৬৩-৭! তাই টার্ফ মুরে কোনো অঘটনের আশা আর্সেনাল ভক্তরা না করলেই ভালো।

আর্সেনাল কোচ মিকেল আরতেতা (বাঁয়ে) ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
এএফপি

গেমউইক ৩৮: ম্যান সিটি-অ্যাস্টন ভিলা,  ক্রিস্টাল প্যালেস-আর্সেনাল

শিরোপা লড়াই যদি শেষ দিন পর্যন্ত গড়ায়, তবে প্রিমিয়ার লিগ আরও একবার মহানাটকীয় এক সমাপ্তি দেখতে পারে। সিটি মুখোমুখি হবে আরেক শিরোপা প্রত্যাশী অ্যাস্টন ভিলার (এখন পর্যন্ত)। আর আর্সেনাল যাবে ক্রিস্টাল প্যালেসের মাঠে, যা হবে প্যালেস কোচ অলিভার গ্লাজনারের বিদায়ী ম্যাচ। শিরোপা নির্ধারণী ম্যাচের স্নায়ুযুদ্ধে সিটি বেশ অভ্যস্ত, অন্তত প্রিমিয়ার লিগের সাম্প্রতিক ইতিহাস সেটাই বলে। অন্যদিকে আর্সেনালের সামনে দুই দশকের দীর্ঘ খরা কাটানোর হাতছানি।
শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের আকাশ কি ম্যানচেস্টারের নীলে রাঙ্গাবে, নাকি লাল হবে আর্সেনালের উদ্‌যাপনে? উত্তরটা তোলা থাকল সময়ের হাতে।

আরও পড়ুন