ইংলিশ প্রিমিয়ার লিগ: সিটির জয়ের পর শিরোপা লড়াইয়ে যে সমীকরণ

এখনো প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে আছে ম্যান সিটিরয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গোল পেয়েছেন আন্তোনে সেমেনিও, ওমর মারমুশ ও সাভিনিও। সিটির এ ম্যাচে চোখ ছিল আর্সেনালেরও। পেপ গার্দিওলার দল কোনোভাবে পয়েন্ট হারালে আর্সেনালের ২২ বছর পর শিরোপা পুনরুদ্ধারের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যেত।

কিন্তু তেমনটা হলো না। সিটির জয়ে এখনো পাশার দান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিরোপা লড়াইকে শেষ সপ্তাহেও নিয়ে গেল এই ম্যাচে সিটির জয়।
সিটি যদি প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারাত তবে আগামী সোমবার বার্নলিকে হারাতে পারলেই শিরোপা জয় নিশ্চিত হতো আর্সেনালের।

সেই সম্ভাবনা আপাতত ঠেকিয়ে রাখল সিটি। অবশ্য শিরোপা লড়াইয়ের লাগাম আর্সেনালের হাতেই। নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে কোনো হিসাব–নিকাশ ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। তবে এই দুই ম্যাচের কোনোটিতে পয়েন্ট হারালে তীরে গিয়ে তরি ডুবতে পারে গানার্সদের।

আরও পড়ুন

গতকাল রাতের ম্যাচের পর ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সিটি। সমান ম্যাচে আর্সেনাল ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। তবে পয়েন্টে এগিয়ে থাকলেও আর্সেনালের জন্য মাথাব্যথার হতে পারে গোল ব্যবধান। দু্ই দল সমান পয়েন্টে শেষ করলে এরপর তাদের গোলব্যবধান দেখা হবে। যেখানে এ মুহূর্তে এক গোলে এগিয়ে সিটি। তাদের গোলব্যধান +৪৩, আর্সেনালের +৪২। হাড্ডাহাডডি এই লড়াইয়ে প্রতিটি গোলও এখন মূল্যবান।

সিটি কোচ পেপ গার্দিওলা
এএফপি

আগামী শনিবার এফএ কাপ ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলে বড় পরিবর্তন আনেন সিটি কোচ গার্দিওলা। একাদশে ছয়টি পরিবর্তন আনেন এবং বিশ্রাম দেন আর্লিং হলান্ড, রায়ান চেরকি এবং জেরেমি ডকুর মতো তারকাদের।

ম্যাচ শেষে লিগ শিরোপা লড়াই নিয়ে বিবিসিকে গার্দিওলা বলেন, ‘সবকিছু তাদের ওপর নির্ভর করছে। তারা যদি বাকি দুটি ম্যাচ জিতে যায়, তাহলে আর কিছু বলার থাকে না। আমাদের কাজ শুধু লড়াইয়ে টিকে থাকা, যদি কোনো সুযোগ আসে। তবে শেষ দুই ম্যাচ সহজ হবে না।’

আরও পড়ুন

এ সময় গার্দিওলা কথা বলেন এফএ কাপ ফাইনাল নিয়েও, ‘এখন যত দ্রুত সম্ভব বিশ্রাম নিয়ে এফএ কাপের প্রস্তুতিতে মন দিতে হবে। এফএ কাপের প্রতি আমাদের ভীষণ সম্মান আছে। শেষ দুবার আমরা হেরেছি, কারণ যথেষ্ট ভালো খেলতে পারিনি। আমরা জিততেই সেখানে যাব। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’