ছেলে মাতেওর কান্না থামাতে পেরেছেন মেসি

উদ্‌যাপনে পরিবারকেও স্মরণ করেছেন মেসিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাই মাসের পর আর কখনো জাতীয় দলের জার্সিতে হার দেখেননি লিওনেল মেসিরা। এত লম্বা সময়ে হারের স্বাদ কেমন হয়, তা যেন ভুলেই গিয়েছিলেন তাঁরা। তবে বিশ্বকাপের মঞ্চে এসে শুরুতেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা, অপ্রত্যাশিতভাবে হেরে যায় সৌদি আরবের কাছে।

এই হারের পর মুদ্রার অন্য পিঠ দেখতে শুরু করেন মেসিরা। সৌদি আরবের বিপক্ষে সেই হার এবং মেক্সিকোর বিপক্ষে কঠিন লড়াইয়ের পর পাওয়া এক জয়—মাঝখানের পথটা আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য বেশ কঠিনই ছিল। নিজের সঙ্গে যুদ্ধ করে স্থির থাকার বিষয় তো ছিলই, তাঁদের আশপাশের মানুষদের জন্যও এই হারের ধাক্কা সামলানো সহজ ছিল না। তবে দুর্দান্ত এক গোলে সেই বোঝাটা এক ধাক্কায় নামিয়ে দিলেন মেসি। সেই সঙ্গে স্বস্তি ফেরালেন পরিবারের সদস্যদের মধ্যেও।

আরও পড়ুন

গোলের পর গোল উদ্‌যাপনেও পরিবারকে স্মরণ করেছেন মেসি। মূলত যে অংশে পরিবারের সদস্যরা ছিলেন, সেদিকে গিয়েই উদ্‌যাপন করেছেন। পরে নিজের এই উদ্‌যাপনের ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বলেছেন, সৌদি আরবের বিপক্ষে হারের পর ভেঙে পড়েছিল তাঁর সন্তানেরা।

সেই হার সন্তানেরা মানতে পারেনি উল্লেখ করে মেসি বলেছেন, ‘তারা অনেক ভুগেছে। প্রথম খেলায় হেরে যাওয়ার পর আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। মাতেও কাঁদছিল এবং সে হিসাব–নিকাশ কষতে বসেছিল।’

আরও পড়ুন

মেক্সিকোর বিপক্ষে পাওয়া জয়ের পর এখন আর্জেন্টিনা দলের অবস্থা পুরোপুরি বদলে গেছে। হারানো আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে তারা। এরই মধ্যে পোল্যান্ড ম্যাচ সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। মেসিও বলেছেন, এখন প্রতিটি ম্যাচ তাঁদের জন্য ফাইনাল। সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চান তাঁরা।

আরও পড়ুন