মেসির শেষ ম্যাচে যে কারণে থাকতে পারছেন না দিবালা ও মলিনা

রোমার দুই খেলোয়াড় পাওলো দিবালা ও নাহুয়েল মলিনাএক্স

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ। এমন একটি মুহূর্তের সাক্ষী না হয়ে কি পারেন পাওয়া দিবালা ও নাহুয়েল মলিনা!

দুজনের একজনও এবারের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলে ডাক পাননি। কিন্তু মনুমেন্তালে মেসির এই বিদায়ী ম্যাচে তাঁরা আমন্ত্রিত ছিলেন তাঁদের অন্য সব সতীর্থের মতোই। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেই এই ম্যাচে পরিবারসহ আমন্ত্রণ জানিয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত মেসির বিদায়ের সাক্ষী হতে পারছেন না দিবালা ও মলিনা। দুজনের ক্লাব রোমার  কোচ জিয়ানপিয়েরো গাসপেরিনি তাঁদের বুয়েনস এইরেস যাত্রার অনুমতি দেননি।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী বুধবার, ভোর ৫টায়। বেনিনের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের পর এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। তাঁকে বিদায় জানাতে রোম থেকে বুয়েনস এইরেসে যেতে চেয়েছিলেন দুজনই।

আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি
এএফএ ফেসবুক পেজ

কিন্তু তাঁদের সেই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়িয়েছেন রোমা কোচ গাসপেরিনি। নিজের দুই খেলোয়াড়কে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় পাঠাতে রাজি নন ইতালিয়ান কোচ। কারণ, আন্তর্জাতিক বিরতির পর রোমার সামনে ব্যস্ত সূচি। আগামী রোববার কোমোর বিপক্ষে সিরি আ-র গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রোমা। এরপরই তাদের বড় পরীক্ষা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ফলে আর্জেন্টিনায় যাওয়া এবং ফেরার দীর্ঘ বিমানযাত্রা দিবালা ও মলিনার প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন গাসপেরিনি।

আরও পড়ুন

সোমবার স্কাই স্পোর্ট ইতালিয়াকে গাসপেরিনি বলেছেন, ‘রোববার আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। তাই দিবালা ও মলিনাকে আর্জেন্টিনায় যাওয়া এবং সেখান থেকে ফেরার অনুমতি দেওয়া সম্ভব ছিল না। আর্জেন্টিনা অনেক দূরে। তাদের সেখানে পাঠালে অনেক ঘণ্টা বিমান ভ্রমণ করতে হতো।’

জিয়ানপিয়েরো গাসপেরিনি
এক্স

মেসির বিদায়ী ম্যাচে তাঁর দুই সতীর্থকে না যেতে দিলেও আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন গাসপেরিনি, ‘মেসির বিদায় আবেগঘন হবে। ব্যক্তিগতভাবে আমি খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই অনেক তারকা খেলোয়াড়কে দেখেছি। কিন্তু লিওনেলের মতো এত কিছু অর্জন করেছে এমন কাউকে ভাবা কঠিন। আর্জেন্টিনার হয়ে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে দেখে আমার খারাপ লাগছে।’