প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শিরোপার সুবাস

প্রিমিয়ার লিগের নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা ডাউম্যানরয়টার্স

প্রিমিয়ার লিগে শিরোপা নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি। কাগজে–কলমে এখনো অনেক কিছু হতে পারে। ৯ পয়েন্টে পিছিয়ে থাকলেও আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির হাতে এখনো ৮টি ম্যাচ বাকি আছে। পাশাপাশি ইতিহাদে আর্সেনাল-ম্যান সিটির মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিও এখন বাকি। ফলে এখনই কাউকে বিজয়ী ঘোষণা করার সুযোগ নেই।

কিন্তু সিটি-আর্সেনালের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে হিসাবটা খুব একটা কঠিনও মনে হবে না। অতি নাটকীয় কিছু না হলে আর্সেনালের শিরোপা জয়কে সময়ের ব্যাপারই ধরে নেওয়া যায়। বিশেষ করে গতকাল রাতে দুই দলের ম্যাচের পর চিত্রটা এখন অনেকটাই স্পষ্ট। যেখানে এভারটনের বিপক্ষে আর্সেনাল জিতেছে ২-০ গোলে। আর ম্যান সিটি ১-১ গোলে ড্র করেছে ওয়েস্ট হামের সঙ্গে।

গতকাল রাতে আর্সেনালের জয়ে গোল দুটি আসে ম্যাচের শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ভিক্টর ইয়োকেরেস। আর যোগ করা সময়ের ৭ম মিনিটে ইতিহাস গড়ে নিজের প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন ১৬ বছর ৭৩ দিন বয়সী ম্যাক্স ডাউম্যান।

আরও পড়ুন

এর ফলে ডাউম্যান এখন প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা। এর আগে ১৬ বছর ২৭০ দিনে গোল করে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন জেমস ভন। ২০০৫ সালের এপ্রিলে এভারটনের হয়ে এই রেকর্ডটি গড়েছিলেন তিনি।  

হলান্ডের হতাশা
রয়টার্স

এদিকে ডাউম্যানের রেকর্ড গড়া রাতে সিটিকে রুখে দিয়েছে ওয়েস্ট হাম। ম্যাচের ৩১ মিনিটে বের্নার্দো সিলভার গোলে লিড নেয় সিটি। তবে ৪ মিনিট পর কনস্তানতিনোস মাভরোপানোসের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। এরপর ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর কোনো দল গোল পায়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

সিটি-আর্সেনাল ম্যাচ শেষে এখন দুই দলের পয়েন্টের পার্থক্য ৯। প্রিমিয়ার লিগের ইতিহাসে সিটিই একমাত্র দল, যে ৩০ বা তার বেশি ম্যাচ খেলার পর শীর্ষ থাকা দলের চেয়ে ৯ বা তার বেশি পয়েন্টে পিছিয়ে থেকেও শিরোপা জিতেছে। ২০১৩-১৪ মৌসুমে এই কীর্তি গড়েছিল ইতিহাদের ক্লাবটি।

আরও পড়ুন

শীর্ষ স্থানের লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়লেও গার্দিওলা অবশ্য এখনো চেষ্টা করে যেতে চান। গতকাল রাতে ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এখনো শেষ নয়। কে এমনটা বলল? আমরা হারিনি। আমরা চেষ্টা করে যাব। আর্সেনালের বিপক্ষে ৯ পয়েন্ট (পিছিয়ে থাকা) অনেক, সেটা মানছি। আমাদের ঘরের মাঠের ম্যাচ বাকি আছে, তাই শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আর যদি সম্ভব না হয়, তখন আমরা চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাব। কিন্তু চেষ্টা করতে হবে।’