ক্রেন ব্যবহার করে হলান্ডের ‘কুৎসিত’ ভাস্কর্য চুরি এক ভক্তের

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডছবি: এএফপি

টোর সিলভারস্টেন নামের এক ভক্ত প্রিয় তারকা আর্লিং হলান্ডের প্রতি ভালোবাসা থেকেই তাঁর একটি ভাস্কর্য গড়িয়েছিলেন। ১১ হাজার ৮৪০ মার্কিন ডলারে নির্মিত সেই ভাস্কর্য বসানো হয়েছে নরওয়ের শহর ব্রাইনে। হলান্ডের আরেক ভক্ত রাতের আঁধারে সেই ভাস্কর্য চুরি করে নিয়েছেন। ১০ ফুট উচ্চতার ভাস্কর্যটি চুরি করতে ক্রেনও ব্যবহার করতে হয়েছে।

এ মৌসুমে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টুমন্ড থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো হলান্ডকে নরওয়ের মানুষ ভালোবাসেন। ইংল্যান্ডে জন্ম নেওয়া হলান্ডের বাবার বাড়ি ব্রাইনে। সেখানকার মানুষ একটু বেশিই ভালোবাসে হলান্ডকে। হলান্ডের ভাস্কর্যটি সিলভারস্টেন ভালোবাসা থেকে তৈরি করালেও সেটা পছন্দ হয়নি ব্রাইনের মানুষের।

ব্রাইনে আর্লিং হলান্ডের ভাস্কর্য
ছবি: টুইটার

ভাস্কর্যটি দেখতে সুন্দর হয়নি। তাই এটি বসানোর পর থেকেই আপত্তি ছিল ব্রাইনের হলান্ড–ভক্তদের। ভক্তরা ভাস্কর্যটিকে ‘কুৎসিত’ বলেছিল। সিলভারস্টেন সম্প্রতি সেই ভাস্কর্য নিলামে তোলার ব্যবস্থা করেছিলেন। সেটা অবশ্য এক মহৎ উদ্দেশ্যেই। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি দিতে চেয়েছিলেন তানজানিয়ার এক হাসপাতালের তহবিলে। কিন্তু নিলামের আগেই ভাস্কর্যটি চুরি করে নিয়েছেন হলান্ডেরই আরেক ভক্ত।

ভাস্কর্যের উদ্যোক্তা সিলভারস্টেন বলেন, ‘আমি ভেবেছিলাম, (হলান্ডকে) শ্রদ্ধা জানানোর জন্য একটি ভাস্কর্য তৈরি করলে ভালো হবে। কিন্তু কেউ কেউ এটাকে খুব কুৎসিত বলে আখ্যা দিয়েছে।’ ওই ভাস্কর্য দেখতে যেমনই হোক, প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা আর ভালোসা থেকেই তা নির্মাণ করিয়েছিলেন সিলভারস্টেন। সেটার এমন পরিণতি দেখে ব্রিটিশ পত্রিকা দ্য সানকে সিলভারস্টেন বলেছেন, ‘আর্লিংও যে খুব সুন্দর দেখতে, ব্যাপারটা তা নয়। সে যা–ই হোক, ভাস্কর্যটি কেউ চুরি করে নেওয়ায় আমি খুবই হতাশ।’