ওয়েলবেকের জোড়া গোলে ব্রাইটনের কাছে সালাহ-আলিসনহীন লিভারপুলের হার

১৮ বছরের ক্যারিয়ারে এবারই ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করেছেন ড্যানি ওয়েলবেকরয়টার্স

ব্রাইটন ২–১ লিভারপুল

ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রাইটন। শনিবারের এই হারে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় এক ধাক্কা খেল আর্নে স্লটের দল।

সপ্তাহের মাঝামাঝি সময়ে গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে অলরেডরা। সেই আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে খেলতে নেমেছিল তারা। কিন্তু ‘চিরসবুজ’ ওয়েলবেকের দারুণ নৈপুণ্যে সব হিসাব ওলটপালট হয়ে গেল। গত পাঁচ ম্যাচে এটি ব্রাইটনের চতুর্থ জয়, যা তাদের ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করল।

অ্যামেক্স স্টেডিয়ামে লিভারপুল আজ মাঠে নেমেছিল নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার ও সেরা তারকা মোহাম্মদ সালাহকে ছাড়াই। ম্যাচের শুরুতেই বড় এক চোট পায় সফরকারীরা। সাবেক লিভারপুল তারকা জেমস মিলনারের এক চ্যালেঞ্জে মাঠ ছাড়তে বাধ্য হন দলের টপস্কোরার উগো একিতিকে।

ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। দিয়েগো গোমেজের ক্রস-ফিল্ড পাস থেকে হেডে বল জালে জড়ান ৩৫ বছর বয়সী ওয়েলবেক। চলতি প্রিমিয়ার লিগে এটি তাঁর ১১তম গোল, যা তাঁকে এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফুটবলারের মর্যাদা দিয়েছে।

লিভারপুলের গোলটি কেরকেজের
রয়টার্স

পিছিয়ে পড়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে লিভারপুল। ২২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, তবে ব্রাইটন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দারুণ দক্ষতায় তা রুখে দেন। তবে ৩০ মিনিটে ব্রাইটন অধিনায়ক লুইস ডাঙ্কের এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান হাঙ্গেরিয়ান ডিফেন্ডার মিলোস কেরকেজ। ডাঙ্ক বলটি গোলরক্ষকের দিকে হেড করতে চেয়েছিলেন, কিন্তু কেরকেজ দ্রুতগতিতে বলটি ছিনিয়ে নিয়ে ভারব্রুগেনের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাইটন। ফলশ্রুতিতে ৫৬ মিনিটে আবারও গোল করেন ওয়েলবেক। ইয়ানকুবা মিনতের নিখুঁত ক্রস থেকে বল পেয়েছিলেন জ্যাক হিনশেলউড, আর তাঁর পাস থেকেই নিপুণ ফিনিশিংয়ে ব্রাইটনকে ২-১ গোলে এগিয়ে দেন ওয়েলবেক। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক হওয়া এই স্ট্রাইকারের ক্যারিয়ারে এটাই এখন প্রিমিয়ার লিগের সেরা মৌসুম।

আরও পড়ুন

ম্যাচে ফিরতে মরিয়া আর্নে স্লট তরুণ রিও এনগুমোহা, অ্যান্ডি রবার্টসন ও ফেদেরিকো কিয়েসাকে মাঠে নামান। কিন্তু ব্রাইটনের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। এই হারের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে লিভারপুল, ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট তাদের। তারা চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে এবং চেলসির চেয়ে ১ পয়েন্ট এগিয়ে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আটে ব্রাইটন।

পায়ের চোটে মাঠ ছেড়েছেন উগো একিতিকে
রয়টার্স

লিগের শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে গেছে লিভারপুল। তবে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি এফএ কাপে এখনো টিকে আছে তারা। আগামী মাসের শুরুতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে স্লটের শিষ্যরা। এদিকে চোটাক্রান্ত গোলরক্ষক আলিসন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁকে ‘বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে’।

আরও পড়ুন