ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন এশিয়ার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরয়টার্স

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা পরে বাতিল করলেও এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া ইনফান্তিনোকে আজ এশীয় অঞ্চল থেকে সমর্থন জানানো হয়।

টোকিওতে এএফসির এক বৈঠকে ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর উপস্থিতিতে তাঁর প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানান এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।

গত আগস্টে ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে উন্মুক্ত করার পরিকল্পনার জন্য উয়েফা এবং কনকাক্যাফের সঙ্গে মিলে ইনফান্তিনোর সমালোচনা করেছিল এএফসি। ইনফান্তিনো নিজেও চতুর্থ ও শেষ মেয়াদে সভাপতি পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামার আগে পদত্যাগের আহ্বানের মুখে পড়েন এবং অনেক অ্যাসোসিয়েশনের সমর্থন হারান।

ইনফান্তিনোর ফের ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনায় গতি সঞ্চার করে শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে আপনি নতুন মেয়াদের জন্য লড়ছেন, আর আপনাকে ও আপনার নেতৃত্বকে সমর্থনের ব্যাপারে আমাদের পূর্ণ প্রতিশ্রুতির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। এ মহাদেশের অনেক সদস্যের সঙ্গেই আমার কথা হয়েছে। আমি আপনার অনুভূতি জানি এবং আমার মনে হয় আপনার প্রতিশ্রুতির বিষয়ও পরিষ্কার। জিয়ান্নির প্রতি আপনাদের সমর্থন অত্যন্ত স্পষ্ট।’

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা
এএফসি ওয়েবসাইট

অতীত মতবিরোধ নিয়ে এএফসির বিশেষ কংগ্রেস ও ইনফান্তিনোকে উদ্দেশ করে শেখ সালমান বলেন, ‘জিয়ান্নি, হ্যাঁ, অতীতে আমাদের কিছু বিষয়ে কথা হয়েছিল। তবে দুটি বিষয়কে এক করে মেলানো ঠিক হবে না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে...আমরা যখন একসঙ্গে কাজ করি, তখনই ফুটবল সবচেয়ে শক্তিশালী হয়।’

আরও পড়ুন

বিশ্বকাপসহ ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলো আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা তীব্র সমালোচনার মুখে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে ক্ষমা চান ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন এই সুইস নাগরিক। আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ নভেম্বর।

উয়েফার অধীনস্ত বেশ কিছু অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়িয়েছে
রয়টার্স

ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ইনফান্তিনোর তীব্র সমালোচনায় মুখর। কিন্তু তাঁর বিরুদ্ধে লড়তে বড় মাপের কেউ এখন পর্যন্ত নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেননি। বিভিন্ন বিতর্কের জেরে ইউরোপের অনেক শীর্ষ জাতীয় অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন