সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

শিরোপা নিয়ে সেনেগালের খেলোয়াড়দের উদ্‌যাপন। ফাইনাল জয়ের পররয়টার্স

২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল।

ম্যাচের শেষ দিকে রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের বেশির ভাগ খেলোয়াড়। বিতর্কিত এই ওয়াক-অফের জেরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হলো।

গোলশূন্য ম্যাচে যোগ করা সময়ে স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়ায় প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানান সেনেগালের খেলোয়াড়েরা। প্রায় ১৭ মিনিট পর সেনেগালের সব খেলোয়াড় মাঠে ফেরেন। এরপর মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি ঠেকান সেনেগালের গোলরক্ষক। অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে জয় পায় সেনেগাল।

কিন্তু সেই ফল বাতিল করে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে বলা হয়, সেনেগালকে ‘ফাইনাল ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ‘ম্যাচের ফল ৩–০ ব্যবধানে মরক্কোর পক্ষে নথিভুক্ত করা হয়েছে।’

মরক্কোর ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) করা আপিলের পর কাফ এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপিলটি ‘প্রক্রিয়াগতভাবে গ্রহণযোগ্য’ এবং তা বহাল রাখা হয়েছে।

মরক্কো পেনাল্টি পাওয়ার পর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান সেনেগালের সমর্থকরা
রয়টার্স

কাফের বিবৃতিতে বলা হয়, ‘দলীয় আচরণের মাধ্যমে’ সেনেগাল আফ্রিকা কাপ অব নেশনসের বিধিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, ফলে ৮৪ নম্বর অনুচ্ছেদ কার্যকর হয়েছে। 

৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দল যদি খেলতে অস্বীকৃতি জানায় বা রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে সেটি হার বিবেচনা করা হবে এবং প্রতিযোগিতা থেকে দলটিকে বাদ দেওয়া হবে।

 ৮৪ নম্বর অনুচ্ছেদে এই বিধানকে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ৮২ নম্বর অনুচ্ছেদ ভাঙলে সংশ্লিষ্ট দল স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে এবং ম্যাচটি ৩–০ ব্যবধানে হেরে গেছে বলে গণ্য হবে।

 এফআরএমএফের বিবৃতিতে বলা হয়, ফাইনালের ফলের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তটি ‘কখনোই দুই দলের ক্রীড়া-নৈপুণ্যকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নয় বরং ‘প্রতিযোগিতার বিধিমালা প্রয়োগে’র অনুরোধ হিসেবেই এটি করা হয়েছে।

 বিবৃতিতে আরও বলা হয়,‘ফেডারেশন নিয়মের প্রতি শ্রদ্ধা, প্রতিযোগিতার কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আফ্রিকান প্রতিযোগিতাগুলোর স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।”

 বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাফের শৃঙ্খলা বোর্ড মরক্কোর প্রাথমিক প্রতিবাদ খারিজ করেছিল, কিন্তু আপিল বোর্ড তাদের পক্ষে রায় দেয় এবং সেই সিদ্ধান্ত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়। সেনেগাল জানিয়েছে, তাঁরা বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) উপস্থাপন করবে এবং কাফের সিদ্ধান্ত বাতিলের চেষ্টা করবে।

সেনেগাল কোচ পাপা বউনা থিয়াওয়ে নির্দেশে মাঠ ছেড়েছিলেন খেলোয়াড়রা। সাদিও মানে সতীর্থদের ফিরিয়ে আনেন। পরে সেনেগাল কোচ পাপা কাপ অব নেশনসের পরবর্তী বাছাইপর্বের ম্যাচে নিষেধাজ্ঞা পান।

কাফের এই সিদ্ধান্তের ফলে মরক্কো দ্বিতীয়বার আফ্রিকার চ্যাম্পিয়ন হলো। ৫০ বছর আগে প্রথম শিরোপা জিতেছিল তাঁরা।