মেসির জার্সি দিয়ে যা করে সমালোচিত হচ্ছেন এই আর্জেন্টাইন ফুটবলার

যুক্তরাষ্ট্রের ফুটবলকে বদলে দিচ্ছেন মেসিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে ঘটছে নানা ঘটনা। মাঠে গোলের পর গোলে আলো ছড়িয়ে যাচ্ছেন মেসি, আর মাঠের বাইরেও তাঁকে ঘিরে ঘটছে নানা কাণ্ড। এরই মধ্যে তাঁর অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারিয়েছেন একজন এবং আরেকজন কাছ থেকে তাঁকে দেখতে গিয়ে আটক হয়েছেন। অন্য একজন মেসিকে ফ্লোরিডার রাস্তায় পেয়ে তাঁর কাছ থেকে আদায় করে নিয়েছেন চুমু। এবার মেসির জার্সি নিয়ে আলোচনায় এসেছেন এফসি ডালাসের এক ফুটবলার।

লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে সেদিন ইন্টার মায়ামির বিপক্ষে এফসি ডালাসের হয়ে নেমেছিলেন ফাকুন্দো কুইগনন। ম্যাচের ৬ মিনিটেই গোল করেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার গোলের জবাবটা দেন আরেক আর্জেন্টাইন ফুটবলার কুইগনন। ৩৭ মিনিটে কুইগননের গোলেই সমতায় ফেরে ডালাস।

আরও পড়ুন

যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি ডালাস। মেসি জাদুর পর টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকে। সেদিন দলকে জেতাতে না পারলেও হাসিমুখেই মাঠ ছেড়েছিলেন কুইগনন। ম্যাচের পর মেসির কাছ থেকে যে জার্সি পেয়েছিলেন ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আর্জেন্টাইন হলেও কখনো আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হয়নি কুইগননের। ২০০৯ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ খেলার পর আর কখনো জাতীয় দলের ধারেকাছে যেতে পারেননি। সান লরেঞ্জোর হয়ে ক্যারিয়ার শুরু করা কুইগনন ডালাসে আসেন ২০২১ সালে। দুই বছর ধরে মেজর লিগ সকারে (এমএলএস) খেলা কুইগননের জন্য মেসিকে প্রতিপক্ষ হিসেবে কাছে পাওয়াটা ছিল বিশেষ কিছু। পরে সোনায় সোহাগা হয়েছে জার্সি উপহার পাওয়া। যদিও সেই জার্সি নিয়ে এখন সমালোচিতও হচ্ছেন কুইগনন। কিন্তু কেন? শোনা যাক কুইগননের কাছ থেকে।

ডালাসের আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো কুইগনন
ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি স্পোর্টস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কুইগনন বলেছেন, ‘লিও (মেসি) আমার কাছে তার জার্সি পাঠিয়েছে। অনেক মানুষ এখন আমার সমালোচনা করছে। কারণ আমি সেটি রেখে দেওয়ার জন্য ধুয়ে ফেলেছি। অনেকে এর বিপক্ষে, তাদের মতে এটা ঘামসহ রেখে দেওয়া উচিত ছিল।’

এ সময় মেসির জার্সি পাওয়াটা সহজ ছিল না বলে জানিয়েছেন কুইগনন। এ ক্ষেত্রে মেসির স্বদেশি হওয়াটা তাঁকে বিশেষ সুবিধা দিয়েছে বলেও মন্তব্য করেছেন কুইগনন। ডালাসের আরেক আর্জেন্টাইন তরুণ অ্যালান ভেলাসকোও এদিন মেসির কাছ থেকে জার্সি পেয়েছেন। কুইগনন আরও বলেছেন, ‘লিওর জার্সি পাওয়ার জন্য আপনাকে কৌশলী হতে হবে। আর্জেন্টাইন হওয়ায় আমাদের কিছুটা অগ্রাধিকার ছিল। আমি এটাকে ফ্রেম করে রাখার কথা ভাবি। কিন্তু আমি কোনো একদিন এটা ব্যবহার করব।’

আরও পড়ুন

ম্যাচ শেষে ড্রেসিংরুমে মেসির সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি স্মরণ করে কুইগনন বলেছেন, ‘আমি ড্রেসিংরুমে গিয়ে লিওকে শুভেচ্ছা জানাই। আমি কিছুটা উত্তেজিত ছিলাম। কারণ, ম্যাচটা আমরা জিততে পারতাম। শেষ ষোলোয় আমাদের কিছুটা অভিজ্ঞতার ঘাটতি ছিল। আমরা জানতাম সবকিছু ঘটবে মেসিকে কেন্দ্র করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চেয়েছিলাম।’

আরও পড়ুন

ফ্রি কিক থেকে মেসির করা দুর্দান্ত গোলটি নিয়ে কুইগনন বলেছেন, ‘মেসি যখন ফ্রি কিকের জন্য বলটি হাতে নেয়, তখন আমি বুঝতে পারি এটা গোল হয়ে যেতে পারে।’ শেষ পর্যন্ত হয়েছেও তাই। মেসির সেই গোলেই ম্যাচে সমতা ফেরায় ইন্টার মায়ামি। পরে টাইব্রেকারে বাজিমাতও করেছে মেসির দল।

লিগস কাপে ইন্টার মায়ামি নিজেদের শেষ আটের লড়াইয়ে নামবে আগামী শনিবার ভোর ছয়টায়। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শার্লট। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে মেসি এমএলএস অভিষেক হবে ২১ আগস্ট।