আনচেলত্তিকে বরখাস্ত করো—ব্রাজিলের ফুটবলপ্রধানকে রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। প্রায় চার বছর সময় বাকি। কিন্তু প্রীতি ম্যাচে জাপানের কাছে ব্রাজিলের হারে রোমারিও এতটাই ক্ষুব্ধ যে এখনই কোচ কার্লো আনচেলত্তির বরখাস্ত চেয়ে বসেছেন। শুধু নিজের চাওয়ার কথাই বলেননি, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানকে ছাঁটাইয়ের উদ্যোগ নিতেও বলেছেন।

ব্রাজিলের ফুটবলে রোমারিওর পরিচিতি বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার হিসেবে। তবে সাবেক এই ফুটবলার এখন দেশটির রাজনীতিতেও প্রভাবশালী ব্যক্তিত্ব, বর্তমানে পার্লামেন্টের সিনিয়র সিনেটর।

শনিবার সিঙ্গাপুরে জাপানের কাছে ৩–২ গোলে হারে ব্রাজিল। আনচেলত্তির অধীন এটি ব্রাজিলের পঞ্চম হার। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে নিয়ে ক্ষোভ উগরে দেন রোমারিও।

১৯৯৪ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার ইতালিয়ান কোচের অতীত সাফল্যকে স্বীকার করলেও ব্রাজিলের জন্য তিনি জুতসই নন বলে মনে করেন। রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে চলে যাও! আর নিতে পারছি না আমরা। তোমার ক্যারিয়ার নিয়ে কারও প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচ তুমি। তবে ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারোনি।’

আরও পড়ুন

এরপর ব্রাজিলের ফুটবলপ্রধান সভাপতি সামির জাউদের উদ্দেশে বার্তা দিয়েছেন রোমারিও। ৪২ বছর বয়সী সভাপতিকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘সামির, তুমি তরুণ, ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের ভালো চাও। এখন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করো!’

জাপানের কাছে প্রীতি ম্যাচে হেরেছে আনচেলত্তির দল
রয়টার্স

২০০২ সালে বিশ্বকাপ জেতার পর ব্রাজিল আর ফাইনালেও খেলতে পারেনি। শিরোপাখরা ঘোচাতে রিয়ার মাদ্রিদ থেকে আনচেলত্তিকে নিয়ে আসার পরও এখন পর্যন্ত পথচলা ঠিক পথে নেই বলে মনে করেন রোমারিও। সিবিএফ সভাপতিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’

জাপানের কাছে হারের পর ব্রাজিল আবার মাঠে নামবে মঙ্গলবার। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির মাধ্যমে এ বছরের মতো খেলা শেষ করবে ব্রাজিল।

আরও পড়ুন