রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সামনে রেখে রোববার লিভারপুল-চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ইউনাইটেড ম্যাচ স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কাল এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে প্রিমিয়ার লিগ।
এ সপ্তাহে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে না। রেল ধর্মঘটের কারণে ব্রাইটন-ক্রিস্টাল প্যালেস ম্যাচ আগেই স্থগিত করা হয়েছিল। ধর্মঘট তুলে নেওয়া হলেও ম্যাচটি খেলার দিন-তারিখ এখনো ঠিক হয়নি। ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই শেষকৃত্যে পুলিশের ওপর ভীষণ চাপ থাকবে, তাই লিভারপুল-চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।
প্রিমিয়ার লিগের বিবৃতিতে বলা হয়, ‘ক্লাব, পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তিনটি ম্যাচ স্থগিত করা ছাড়া আর কোনো উপায় দেখছি না আমরা। এই জাতীয় শোকের সময় যেসব ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে রানিকে শ্রদ্ধা জানানো হবে। স্থগিত ম্যাচগুলোর অনুষ্ঠিত হওয়ার সময় পরে জানানো হবে।’
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত সপ্তাহে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত করা হয়।
তাঁর শেষকৃত্যের জন্য এই সপ্তাহে লন্ডনে পুলিশের অনেক তৎপরতা থাকবে, এ কারণে ইউরোপা লিগে পিএসভি আইন্দহভেন ও আর্সেনালের মধ্যে ম্যাচটি স্থগিত করা হয়েছে।