‘হৃদয়ে কষ্ট’ নিয়ে বিদায় নিলেন ইতালি কোচ
ফুটবল ফেডারেশনের সভাপতি পদত্যাগ করেছেন, জাতীয় দলের হেড অব ডেলিগেশন পদত্যাগ করেছেন—এরপর প্রধান কোচের চলে যাওয়াটাই ছিল অবশ্যম্ভাবী খবর। সেটিই নিশ্চিত হলো আজ ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসির বিবৃতিতে। ফেডারেশনের সঙ্গে পারস্পরিক সম্মতিতে এবং ‘হৃদয়ে কষ্ট’ নিয়ে ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেনারো গাত্তুসো।
ইতালি টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার তিন দিন পর গাত্তুসোর পদত্যাগের খবর এল। এর আগে মঙ্গলবার রাতে ইউরোপীয় প্লে–অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে ইতালি বিশ্বকাপ–দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এফআইজিসি প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা ও ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন পদত্যাগ করেন।
৪৮ বছর বয়সী গাত্তুসো সরে যাওয়া সম্পর্কে ফেডারেশনের ওয়েবসাইটে বলেন, ‘হৃদয়ে কষ্ট নিয়ে, আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে আমি জাতীয় দলের কোচ হিসেবে আমার অধ্যায়ের ইতি টানছি। ফুটবল বিশ্বে এই নীল জার্সিটি সবচেয়ে বিশেষ আর সে কারণেই ভবিষ্যতের কথা ভেবে এটি একটি নতুন টেকনিক্যাল টিমের হাতে ছেড়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’
২০২৬–এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সময়ও বাছাইপর্ব উতরাতে পারেনি ইতালি। গত বছরের জুনে এক বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব নেন ২০০৬ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গাত্তুসো। তাঁর অধীন ইউরোপীয় বাছাইয়ের পাঁচ ম্যাচ জেতে ইতালি। তবে পূর্বসূরি লুসিয়ানো স্পালেত্তির অধীন নরওয়ের কাছে ৩–০ গোলে হারার জেরে শেষ পর্যন্ত প্লে–অফে নেমে যেতে হয় দলটিকে।
মহাদেশীয় প্লে–অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারালেও ৩১ মার্চের ফাইনালে বসনিয়ার কাছে টাইব্রেকারে ৪–১ ব্যবধানে হেরে যায় ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর ফুটবলকর্তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির ফুটবল সমর্থকেরা। ক্রীড়ামন্ত্রী ফেডারেশনের প্রধানকে সরে যেতে বলার পর একে একে ডেলিগেশন প্রধান ও প্রধান কোচও পদত্যাগ করলেন।