চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষবিশ্বনাথের ফেসবুক

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ায় যাবে ১৯ সেপ্টেম্বর। এর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। হ্যামস্ট্রিংয়ের চোটে আসিয়ান কাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

চোটের কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বনাথকে। এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পও ছেড়েছেন তিনি।

জাতীয় দলের একটি সূত্র আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন বিশ্বনাথ। সেই চোটে প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।

গত মার্চে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। এরপর সিঙ্গাপুর ও সান মারিনোর বিপক্ষেও খেলেছেন তিনি। ফেরার পর আবারও চোটে পড়ায় আসিয়ান কাপের দলে থাকা হচ্ছে না তাঁর।

আবারও চোটে পড়ায় আসিয়ান কাপের দলে থাকা হচ্ছে না বিশ্বনাথের।
বিশ্বনাথের ফেসবুক


বিশ্বনাথের চোটের সঙ্গে বাংলাদেশ দলে আরও কয়েকজনের চোট নিয়ে দুশ্চিন্তা আছে। পায়ের পেশিতে টান পড়ায় গত কয়েক দিন অনুশীলন করতে পারেননি অধিনায়ক জামাল ভূঁইয়া।
হালকা চোটের কারণে রিকভারি প্রক্রিয়ার মধ্যে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমও চোটে ভুগছেন।