মেসিকে দেয়াল থেকে মুছে ফেলার চেষ্টা
লিওনেল মেসির আগমন যুক্তরাষ্ট্রের ফুটবলের চিত্রটাই যেন বদলে দিয়েছে। জনপ্রিয়তার মাপকাঠিতে চতুর্থ স্থানে থাকা ফুটবলের প্রতি আগ্রহ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির ফুটবলের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে সমান্তরালে। মেজর লিগ সকারের (এমএলএস) প্রতি মানুষের এমন আগ্রহের মূল কারণ মেসি। এরই মধ্যে দুই ম্যাচে মাঠে নেমে মেসির করা ৩ গোল উত্তাপ যেন আরও বাড়িয়ে দিয়েছে। তবে মেসির আগমন যে যুক্তরাষ্ট্রের সবাই মন থেকে মানতে পেরেছে, তা কিন্তু নয়। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর কট্টর সমর্থকেরা মেসিকে নিয়ে এই উন্মাদনা যেন মানতেই পারছেন না। মেসির দেয়ালচিত্রও নষ্ট করেছেন তাঁরা।
কিছুদিন আগে মেসির নান্দনিক একটি দেয়ালচিত্র অঙ্কন করে ইন্টার মায়ামির কট্টর সমর্থক গোষ্ঠী ভাইস সিটি ১৮৯৬। এই দেয়ালচিত্রে ইন্টার মায়ামির গোলাপি রঙের জার্সিতে দেখা যাচ্ছিল মেসিকে। কিন্তু লোকচক্ষুর অন্তরালে মেসির এই দেয়ালচিত্র নষ্ট করেছেন প্রতিপক্ষ দলের সমর্থকেরা। ধারণা করা হচ্ছে, দুটি দল এই কাণ্ড ঘটাতে পারে, যেখানে সম্ভাব্য একটি দল ভাবা হচ্ছে মায়ামি এফসিকে, যারা মূলত একই শহর থেকে উঠে আসা দ্বিতীয় সারির দল।
অন্য যে দলকে এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে, তারা অরল্যান্ডো সিটি এফসি। যারা একই শহরের ক্লাব হিসেবে এমএলএসে খেলে থাকে। দুটি দলই অপেক্ষাকৃত নতুন এবং তারা চেষ্টা করছে ইন্টার মায়ামির সঙ্গে দ্বৈরথ জমিয়ে তোলার। তবে মেসির দেয়ালচিত্র নষ্ট করার এই ঘটনাকে এমএলএসের ক্লাবগুলোর ঐক্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন অনেকে।
প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে উৎসাহ পাওয়া এবং দুয়ো শোনা—দুই ধরনের অভিজ্ঞতাই অবশ্য আছে মেসির ঝুলিতে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সমর্থকদের কাছে ভালোভাবে অভ্যর্থনা পাননি মেসি। পিএসজিতে তো নিজ দলের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছিল তাঁকে। তবে মেসির দেয়ালচিত্র নষ্ট করার এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেননি মেসি–ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক সমর্থক লিখেছেন, ‘ইন্টার মায়ামি সমর্থকদের উচিত এ ঘটনার যোগ্য জবাব দেওয়া।’
এ ঘটনায় অনেকেই অরল্যান্ডো সিটিকে দোষারোপ করলেও ক্লাবটির অনেক সমর্থক এই অভিযোগ অস্বীকার করেছেন। একজন লিখেছেন, ‘কীভাবে নিশ্চিত হলেন যে এ কাজ অরল্যান্ডো করেছে? রং কিনে এই কাজ করা খুব কঠিন কিছু নয়।’ কেউ কেউ আবার আঙুল তুলেছেন আটলান্টার দিকেও। গতকাল ভোরে তাদেরই ৪-০ গোলে উড়িয়ে দেয় মেসির ইন্টার মায়ামি। যেখানে জোড়া গোল করেছেন মেসি। ম্যাচ হারার পর প্রতিহিংসাবশত আটলান্টার হতাশ সমর্থকেরা এ কাজ করতে পারেন বলেও ধারণা করছেন অনেকে।
লিগস কাপে টানা দুই জয়ের পর আপাতত বিরতি পাচ্ছে মেসির ইন্টার মায়ামি। লিগে তারা পরবর্তী ম্যাচ খেলবে শার্লটের বিপক্ষে আগামী ২১ আগস্ট। সেই ম্যাচ দিয়েই মূলত লিগ অভিষেক হবে মেসির। লিগে গত ১৪ মের পর আর কোনো ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি। মেসির হাত ধরে সেই দুর্ভাগ্য এবার তারা বদলাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।