আজতেকা স্টেডিয়াম খোলার দিনই এক দর্শকের মৃত্যু

বিশ্বকাপের জন্য সংস্কার করা হয়েছে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামএএফপি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামে এক দর্শক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে মেক্সিকো-পর্তুগাল ম্যাচ শুরুর আগে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্বকাপের জন্য দীর্ঘ সংস্কার শেষে এদিনই স্টেডিয়ামটি প্রথম খোলা হয়। আগামী ১১ জুন এই মাঠের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি ভিআইপি বক্স সিটের দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন। বাইরের অংশ দিয়ে বেয়ে নামার সময় তিনি নিচে পড়ে যান। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

স্টেডিয়ামে ফরেনসিক ইনভেস্টিগেশন ভ্যান আনা হয়
এএফপি

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে মেক্সিকো সিটি পাবলিক প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার পরম্পরা সঠিকভাবে নিরূপণ এবং সম্ভাব্য দায়বদ্ধতা নির্ধারণের লক্ষ্যে স্টেডিয়াম ও এর প্রবেশপথের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণের কাজ চলছে। একইভাবে মৃত্যুর কারণ এবং পড়ে যাওয়ার সময় ওই ব্যক্তির শারীরিক অবস্থা নিশ্চিত করতে সংবিধিবদ্ধ ময়নাতদন্ত প্রক্রিয়াও চলমান রয়েছে।’

আরও পড়ুন

আজতেকা স্টেডিয়াম হিসেবে পরিচিত মাঠটির বর্তমান নাম এস্তাদিও বানোর্তে। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এখানে। আগামী ১১ জুন এটি হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্টেডিয়াম, যেখানে তিনটি বিশ্বকাপের খেলা হবে।

এ মাঠেই হবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ
এএফপি

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছাড়াও এখানে গ্রুপ পর্বের উজবেকিস্তান-কলম্বিয়া, মেক্সিকো-চেকিয়া/ডেনমার্ক এবং রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর একটি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে।

ম্যাচের আগে এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও মেক্সিকো-পর্তুগালের প্রীতি ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি, ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

আরও পড়ুন