মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার আতিথেয়তা নিয়ে অভিযোগ বেনিন কোচের
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের সমালোচনা করেছেন বেনিন কোচ গেরনট রোহর। তাঁর দলকে অবমূল্যায়ন করার অভিযোগ তুলেছেন জার্মান এই কোচ।
বুয়েনস এইরেসে মনুমেন্তাল স্টেডিয়ামে গতকাল সকালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। দেশের হয়ে এটাই ছিল মেসির শেষ ম্যাচ। খেলা শেষে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মেসির বিদায় উদ্যাপন করার সময় বেনিনের খেলোয়াড়রা জার্সি বদল করতে গেলে তাঁদের খালি হাতেই ফিরতে হয়। ফরাসি রেডিও স্টেশন আরএমসির ‘রথেন সঁফ্লাম’ অনুষ্ঠানে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিন কোচ।
এই ম্যাচের আগে রোহর নিজেই মেসির অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অতীতে নাইজেরিয়ার কোচ থাকতে রোহরকে একটি জার্সি উপহার দিয়েছিলেন মেসি। কিংবদন্তির শেষ ম্যাচে সেই জার্সিতে একটি অটোগ্রাফ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রোহর। তাঁর সে ইচ্ছা পূরণ হলেও ক্ষোভ উগরে দেন বেনিনের আগে নাইজেরিয়া কোচের দায়িত্ব পালন করা রোহর।
বেনিনের এই কোচ বলেন, ‘হ্যাঁ, বিষয়টি অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। আফসোসের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। তারা আমাদের টানেলেও ঢুকতে দেয়নি, এমনকি ড্রেসিংরুমেও নয়।’
রোহর যোগ করেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা কাউকে ঢুকতে দেয়নি। আমাদের কিছু খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল, তাই আমরা জানতাম যে কাজটা কঠিন হবে। আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’
মেসির অটোগ্রাফ পাওয়ার বিষয়ে বেনিন কোচ বলেছেন, ‘আমরা বেনিনের রঙে রাঙানো-হলুদ, লাল ও সবুজ রঙের এক তোড়া ফুল উপহার দিয়েছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। তবে, আমি ২০১৮ সালের মেসির জার্সিটি কোচ স্কালোনির হাতে দিয়েছিলাম, তিনি সেটি মেসির কাছ থেকে সই করিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। ব্যস, ওটুকুই।’