ফুটবলের কোচ নিয়োগ নিয়ে আজ কী বললেন আমিনুল
জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম কয়েক দিন থেকেই আলোচনার তুঙ্গে। ১৫ মে কোচের নাম ঘোষণা দেওয়ার কথা ছিল বাফুফের। কিন্তু আজও সেই ঘোষণা আসেনি। তবে আজ জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করতে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কোচ প্রসঙ্গে আবার কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।
আমিনুল বলেন, ‘আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে, তা নিশ্চিত করতে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কোলম্যানের বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি।’
তবে নিয়োগ চূড়ান্ত হতে কিছুটা সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ‘বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে কোলম্যানের এজেন্টের সাথে বোধ হয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে, সেটা এখনো শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাব কি না।’
বিকল্প পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘যদি কোলম্যানকে না পাই, তাহলে আমাদের সেকেন্ড চয়েজ (দ্বিতীয় পছন্দ) আছে, তাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।’
দ্রুত সমাধানের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আমি তো চাই যে আগামীকালকের ভেতরে হয়ে যাক। বাফুফে সরাসরি বিষয়টি নিয়ে কথা বলছে। সেই আলোচনাটা শেষ হলেই আমরা আসলে অফিশিয়ালি এটা (কোচের নাম) ঘোষণা করব।’