যুক্তরাষ্ট্রে মেসির প্রথম ফাইনালের আগে যা জানা দরকার
মাত্র এক মাস আগে যুক্তরাষ্ট্রের ফুটবলে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় লিওনেল মেসিকে। আর এক মাসের ব্যবধানে নিজের ক্লাব ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন মেসি। মায়ামির ফাইনালে ওঠার পথে মেসি একাই ৬ ম্যাচে করেছেন ৯ গোল। এখন অপেক্ষা শেষ ধাপটা পেরোনোর। আগামীকাল সকালের ম্যাচটিতে ইন্টার মায়ামি যদি জিততে পারে, তবে এটি হবে ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা।
শিরোপা জয়ের পথে মেসিদের শেষ বাধা ন্যাশভিল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনো পর্যন্ত পিছিয়ে আছে ইন্টার মায়ামি। তবে মেসির উপস্থিতি ও সাম্প্রতিক ফলের কারণে ফাইনালে ইন্টার মায়ামিই এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামবে। এখন একনজরে দেখে নেওয়া যাক এই ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
যেভাবে ফাইনালে ইন্টার মায়ামি ও ন্যাশভিল
ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের প্রথম ম্যাচেই দেখা মেলে মেসির জাদুর। ম্যাচের শেষ মুহূর্তে তাঁর করা গোলেই জয় পায় মায়ামি। ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচে মায়ামি জেতে ২-১ গোলে। গ্রুপ পর্বের পরের ম্যাচেও মেসির নেতৃত্বে দারুণ জয় পায় মায়ামি। মেসির জোড়া গোলের পর আটলান্টা ইউনাইটেডকে মায়ামি উড়িয়ে দেয় ৪-০ ব্যবধানে। নকআউট পর্বের প্রথম লড়াইয়েও মেসি ছিলেন দুর্দান্ত। এবারও ওরল্যান্ডো সিটির বিপক্ষে মায়ামির ৩-১ গোলের জয়ে দুবার বল জালে জড়ান মেসি।
শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে মায়ামির জয়টা অবশ্য সহজে আসেনি। ওই ম্যাচে পিছিয়ে থাকা মায়ামিকে শেষ মুহূর্তে গোল করে সমতায় ফেরান মেসি। সেদিনও মেসি করেন জোড়া গোল। ৪-৪ গোলে ম্যাচ সমতায় থাকার পর টাইব্রেকারে বাজিমাত করে মেসির মায়ামি। শার্লটের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মায়ামি ছিল অপ্রতিরোধ্য। ওই ম্যাচে মায়ামির ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোলটি আসে মেসির কাছ থেকে। কোয়ার্টারের পর সেমিফাইনালেও মেসি ছিলেন দুর্দান্ত। ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পথেও লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
অন্যদিকে লিগস কাপের শুরু থেকে ন্যাশভিলের যাত্রাটা ছিল অম্লমধুর। গ্রুপ পর্বের দুই ম্যাচের একটিতে হেরে রানার্সআপ হয়ে পরের পর্বে ওঠে। নকআউটের প্রথম ম্যাচে সিনসিনাটিকে হারায় টাইব্রেকারে। শেষ ষোলোতেও তাদের তরি পার হয়েছে পেনাল্টি শুটআউটে। এবার তারা হারায় ক্লাব আমেরিকাকে। কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে অবশ্য দারুণ খেলেছে ন্যাশভিল। শেষ আটে মিনেসোটাকে উড়িয়ে দেয় ৫-০ গোলে আর শেষ চারে মন্টেরেকে হারায় ২-০ গোলে।
মুখোমুখি
দুই দল এখনো পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। যেখানে ন্যাশভিলের ৪ জয়ের বিপরীতে ইন্টার মায়ামি জিতেছে ২টি। ড্র হয়েছে অন্য দুটি ম্যাচ। আর লিগস কাপে খেলা ৬ ম্যাচের সব কটি জেতা ইন্টার মায়ামি গোল করেছে ২১টি। অন্যদিকে ৬ ম্যাচের ৫টিতে জিতে ফাইনালে ওঠা ন্যাশভিল গোল করেছে ১৫টি।
ফাইনাল কখন শুরু
যথারীতি আগের ম্যাচগুলোর মতো এবারও মেসির খেলা উপভোগ করতে হলে ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল। বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাতটায় মাঠে গড়াবে ফাইনাল। খেলা দেখাবে অ্যাপল টিভি। আপনি যদি অ্যাপল টিভির সাবস্ক্রাইবার না হন, তাহলে ম্যাচের পরিস্থিতি জানতে আপনাকে চোখ রাখতে হবে লাইভ আপডেটগুলোয়।
ফাইনাল কোথায় হবে
ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে অনুষ্ঠিত হবে ফাইনাল। আগে এ মাঠটি পরিচিত ছিল ন্যাশভিল এসসি স্টেডিয়াম নামে। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। পুনর্নির্মাণের পর মাঠটি নতুন করে উদ্বোধন করা হয় গত বছরের ১ মে। যুক্তরাষ্ট্রের অনেক মাঠ আর্টিফিশিয়াল টার্ফের হলেও জিওডিস পার্কের মাঠ জীবন্ত ঘাসের।
সম্ভাব্য একাদশ
ইন্টার মায়ামি: ড্রেক ক্যালেন্ডার, ডেআন্দ্রে ইয়েদলিন, সের্হি ক্রিভতসভ, কামাল মিলার, জর্দি আলবা, ডিক্সন আরোয়ো, সের্হিও বুসকেতস, বেঞ্জামিন ক্রেমাশ্চি, রবার্ত টেলর, লিওনেল মেসি ও জোসেফ মার্তিনেজ। কোচ: টাটা মার্তিনো।
ন্যাশভিল: এলিয়ট পানিকো, শাক মোর, লুকাস ম্যাকনাগটন, ওয়াকার জিমারম্যান, ড্যানিয়েল লোভিটজ, ড্যাক্স ম্যাককার্টি, অ্যালেক্স মুয়াল, অ্যানিবাল গডয়, জ্যাকব শাফেলবার্গ, হ্যানি মুখতার, টিয়েল বানবুরি। কোচ: গ্যারি স্মিথ।
তৃতীয় স্থান নির্ধারণী
একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মন্টেরে ও ফিলাডেলফিয়া। মেসির ইন্টার মায়ামির কাছে ৪-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ফিলাডেলফিয়া আর মন্টেরেকে ২-০ গোলে হারায় ন্যাশভিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় মুখোমুখি হবে এ দুই দল।