শেষ পর্যন্ত কি তুরস্কের ক্লাবেই যাচ্ছেন সালাহ
মোহাম্মদ সালাহকে দলে নিতে আলোচনা চলছে বলে জানিয়েছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। গতকাল মঙ্গলবার ক্লাবটি জানায়, লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া মিসরের এই ফরোয়ার্ডকে চুক্তিবদ্ধ করার বিষয়ে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ট্রাবজোনস্পোর আরও জানায়, আজ বুধবার সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন। সেখান থেকে তিনি ট্রাবজোনে যাবেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ট্রাবজোনস্পোর।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাবজোনে সালাহকে স্বাগত জানানোর সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে ক্লাবের যোগাযোগমাধ্যমে জানানো হবে।’
গত গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট সালাহ। অ্যানফিল্ডে ৯ মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেন। এ সময়ে লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
সালাহকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও সৌদি আরবের ক্লাবগুলোও দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। গত সপ্তাহে ট্রাবজোনস্পোরের তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসও তাঁকে প্রস্তাব দেওয়ার কথা জানায়।
চেলসি, রোমা ও ফিওরেন্তিনার সাবেক এই তারকা চলতি বছরের বিশ্বকাপে মিসরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন। তাঁর নেতৃত্বে শেষ ষোলো পর্যন্ত উঠেছিল মিসর, যেখানে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় দলটি।
লিভারপুলে সালাহর বিদায়ের ঘোষণা দেওয়া হয় গত মার্চে। যদিও ২০২৫ সালের এপ্রিলে তিনি ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন। সেই মৌসুমেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুল ইংলিশ লিগে নিজেদের রেকর্ড ২০তম শিরোপা জেতে।
তবে গত মৌসুমে সালাহর পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন ঘটে। বছরের শেষ দিকে টানা তিন ম্যাচ তাঁকে একাদশের বাইরে রাখা হয়। এরপর সংবাদমাধ্যমে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, খারাপ ফলের সময় ক্লাব তাঁকে বলির পাঁঠা বানিয়েছে।
তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলেও জানান সালাহ। এমনকি জানুয়ারির দলবদলের আগেই ক্লাব ছাড়বেন কি না, সে নিয়েও প্রশ্ন তোলেন। পরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের দল থেকেও বাদ পড়েন সালাহ।
আফ্রিকা কাপ অব নেশনস শেষে আবার দলে ফিরলেও খেলায় আগের সেই ধার আর ফিরে পাননি সালাহ। যে ফর্মে তিনি চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, শেষ মৌসুমে তা ধরে রাখতে ব্যর্থ হন। এখন সালাহ আছেন নতুন ক্লাবের সন্ধানে।