চলে গেলেন ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার ভিয়াল্লি

জিয়ানলুকা ভিয়াল্লি (১৯৬৪–২০২৩)ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি পেলের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ফুটবল দুনিয়া। তাঁর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আরেক মৃত্যুতে শোকে কাতর হতে হচ্ছে ফুটবল–বিশ্বকে। চলে গেলেন ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

আরও পড়ুন
আরও পড়ুন

২০১৭ সালে অগ্নাশয়ের ক্যানসার ধরা পড়েছিল তাঁর। চিকিৎসা শেষে এক বছরের মাথায় সুস্থ হয় উঠেছিলেন। হয়েছিলেন ইতালি জাতীয় ফুটবল দলের ‘হেড অব ডেলিগেশন’। কিছুদিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় দায়িত্ব ছেড়েছিলেন। আবারও লড়াই শুরু করেছিলেন অসুস্থতার সঙ্গে। এবার আর পেরে উঠলেন না।

ইতালির আক্রমনভাগে তারকা হয়ে উঠেছিলেন ভিয়াল্লি
ছবি: এএফপি

আজ শুক্রবার ভোরে লন্ডনে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইতালি দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভিয়াল্লি। খেলেছেন ১৯৯০ বিশ্বকাপে। ক্লাব ফুটবলে খেলেছেন সাম্পদোরিয়া, জুভেন্টাস ও চেলসির হয়ে। ১৯৯৬ সালে জুভেন্টাসের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ক্লাব ফুটবলে ৬৭৩ ম্যাচে করেছেন ২৫৯ গোল। ইতালির জার্সিতে তাঁর গোল ১৬টি। ১৯৯৯ সালের জুলাইয়ে তিনি ফুটবলকে বিদায় জানান।

আরও পড়ুন

কোচিং ক্যারিয়ারটা তাঁর শুরু হয়েছিল খেলোয়াড় থাকা অবস্থাতেই। ১৯৯৮ সালেই চেলসির কোচ ও খেলোয়াড়—দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চেলসির কোচ ছিলেন। এরপর ইংলিশ ফুটবলে ওয়াটফোর্ডের কোচ হয়েছিলেন ২০০১–২০০২ মৌসুমে।

২০১৫ সালে তিনি জায়গা পান ইতালীয় ফুটবলের ‘হল অব ফেমে’। ২০১৯ সালে তিনি ইতালির হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পান তাঁর বন্ধু কোচ রবার্তো মানচিনির সঙ্গে। ২০২১ সালে ইতালির ইউরোজয়ী দলের অংশ ছিলেন তিনি।