আর্সেনাল না ম্যান সিটি: পরের পাঁচটা ম্যাচ কোন দলের জন্য বেশি কঠিন

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে আর্সেনাল কোচ মিকেল আরতেতারয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি কি তবে এবার উত্তর লন্ডনেই যাচ্ছে? লড়াইটা এখন আর সমানে সমান বলা যাচ্ছে না, অনেকটা এক পেশে দৌড়ের রূপ নিচ্ছে। একদিকে মিকেল আরতেতার আর্সেনাল ছুটছে টগবগিয়ে। অন্যদিকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি পথ হোঁচট খাচ্ছে বারবার।

গত শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে অবশ্য আর্সেনাল–ভক্তদের হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিগ টেবিলের শীর্ষস্থানধারীরা। কিন্তু নাটকের শেষটা হয়েছে আর্সেনালের হাসি দিয়ে। ভিক্টর ইয়োকেরেস ও ১৬ বছর বয়সী বিস্ময় বালক ম্যাক্স ডাউম্যানের শেষ মুহূর্তের দুই গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে গানাররা।

প্রিমিয়ার লিগের নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা আর্সেনালের ডাউম্যান
রয়টার্স

চাপটা এরপর বেড়ে গিয়েছিল সিটির ওপর। কিন্তু মাঠের লড়াইয়ে তার প্রতিফলন হলো উল্টো। টেবিলের ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়াল সিটিজেনরা। হাতে এক ম্যাচ বেশি থাকলেও টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে সিটি এখন গানারদের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে।

শিরোপার ভাগ্য নির্ধারণে আগামী পাঁচটি ম্যাচ হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সামনে কী অপেক্ষা করছে—

আর্সেনাল (৭০ পয়েন্ট)

  • বোর্নমাউথ (নিজেদের মাঠ)—১১ এপ্রিল

  • ম্যানচেস্টার সিটি (প্রতিপক্ষের মাঠ)—১৯ এপ্রিল

  • নিউক্যাসল (নিজেদের মাঠ)—২৫ এপ্রিল

  • ফুলহাম (নিজেদের মাঠ)—২ মে

  • ওয়েস্ট হাম (প্রতিপক্ষের মাঠ)—৯ মে

ম্যানচেস্টার সিটি (৬১ পয়েন্ট)

  • চেলসি (প্রতিপক্ষের মাঠ)—১২ এপ্রিল

  • আর্সেনাল (নিজেদের মাঠ)—১৯ এপ্রিল

  • বার্নলি (প্রতিপক্ষের মাঠ)—২৬ এপ্রিল

  • এভারটন (প্রতিপক্ষের মাঠ)—২ মে

  • ব্রেন্টফোর্ড (নিজেদের মাঠ)—৯ মে

কারাবাও কাপের ফাইনালে ২২ মার্চ ওয়েম্বলিতে মুখোমুখি হবে এই দুই দল। এরপরই শুরু হবে আন্তর্জাতিক বিরতি। বিরতি কাটিয়ে আর্সেনাল যখন ফিরবে, এমিরেটসে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। প্রথম দেখায় ৩-২ গোলে ঘাম ঝরানো জয়ের পর এবার ঘরের মাঠে নিশ্চয়ই দাপুটে কিছু করতে চাইবেন আরতেতার শিষ্যরা।

অন্যদিকে সিটির লড়াইটা আরও কঠিন। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হওয়া মানেই বিশাল এক চ্যালেঞ্জ। চেলসি ফর্মে না থাকলেও তাদের সামর্থ্য আছে গার্দিওলার নীল বাহিনীকে কাঁপিয়ে দেওয়ার।

তবে লিগের আসল ‘ফাইনাল’ সম্ভবত ১৯ এপ্রিল। ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সিটি ও আর্সেনাল। ঘরের মাঠের সুবিধা পাবে সিটিজেনরা। রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগে তিন গোলের ব্যবধানে পিছিয়ে থাকা সিটি যদি সেখান থেকে ছিটকে পড়ে, তবে তারা আর্সেনাল ম্যাচে কিছুটা শারীরিক সতেজতা নিয়ে নামতে পারবে। যদিও মানসিক ধাক্কাটা হবে প্রবল।

ম্যান সিটি অনেক পিছিয়ে পড়েছে শিরোপা লড়াইয়ে।
এএফপি

এপ্রিলের শেষে আর্সেনালের সামনে নিউক্যাসল-পরীক্ষা। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল সব সময়ই কঠিন, তবে এবার তাদের ধারাবাহিকতার বড্ড অভাব। বিপরীতে সিটি পরের ম্যাচটা সহজ—রেলিগেশনের শঙ্কায় থাকা বার্নলি।

মে মাসের শুরুতেই লন্ডন ডার্বিতে ফুলহামের মুখোমুখি হবে গানাররা। পরিসংখ্যান বলছে, শেষ চার আসরের তিনটিতেই ফুলহামের বিপক্ষে হোঁচট খেয়েছে আর্সেনাল। এরপর ওয়েস্ট হামের বিপক্ষে লড়াই, মে মাস নাগাদ যাদের রেলিগেশন নিশ্চিত হয়ে যেতে পারে। সিটি ওই সপ্তাহে খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে, যাদের কাছে সর্বশেষ ছয় ম্যাচে হারেনি তারা।