ভারতের ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

ভারতের ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফাছবি: এএফপি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এ মাসের শুরুর দিকে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। মে মাসে ভারতের ফুটবলে দেশটির সুপ্রিম কোর্ট এআইএফএফে প্রশাসকদের একটি কমিটি (সিওএ) ঠিক করে দিয়েছিলেন, যা ছিল ফিফার নিয়মের পরিপন্থী।

আরও পড়ুন

গত সোমবার সুপ্রিম কোর্ট তিন সদস্যের সে কমিটিকে সরিয়ে দিয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার রাস্তা কিছুটা পরিষ্কার পরিষ্কার হয়েছিল এতেই। ফিফা কাউন্সিল ব্যুরো এআইএফএফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার বিবৃতিতে লিখেছে—সিওএর কমিটি সরিয়ে দেওয়ায় এআইএফএফ আবার পুরো নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনই বিষয়টি ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক সুনন্দ ধর। চিঠিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আবেদন জানিয়েছিলেন তিনি।

ফিফা এআইএফএফের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন আর অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপ আয়োজনে দেশটির কোনো বাধা থাকল না। ১১ থেকে ৩০ অক্টোবর ভারতে হওয়ার কথা টুর্নামেন্টটি।

আরও পড়ুন