ইনফান্তিনোর পদত্যাগ চায় নরওয়ে
নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বেশ কয়েক বছর ধরেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচক। এবার ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুললেন সংস্থাটির প্রধান লিসা ক্লাভনেস।
সাংবাদিকদের ক্লাভনেস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনা করার জন্য যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন, তা তাঁর নেই। জিয়ান্নি ইনফান্তিনোর আর পেছনে ফেরার পথ নেই।’
নরওয়ে ফেডারেশনের পরিচালনা পর্ষদের এক বৈঠকের পরদিন ক্লাভনেস এই কথা বললেন। সেই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি তীব্র সমালোচনার মুখে পড়া ফিফা সভাপতির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। ক্লাভনেস বলেন, ‘আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাতে যাচ্ছি।’
আগামী বছরের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে ইনফান্তিনোর।
২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে আছেন সুইস-ইতালিয়ান আইনজীবী ইনফান্তিনো। সভাপতি পদে পুনর্নির্বাচিত হতে ফিফার ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে। প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের প্রার্থিতা ঘোষণা করতে হবে।
বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা গত সপ্তাহে ফাঁস ও ব্যর্থ হওয়ার পর থেকে তীব্র চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো।