রিয়ালের অনুশীলন মাঠে টানা দুই দিন রোনালদো

বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই ক্রিস্টিয়ানো রোনালদোরছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। নানা বিতর্কের পর ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেন এই পর্তুগিজ তারকা। বিশ্বকাপ যাত্রাও শেষ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে। নিজের ফিটনেস ঠিক রাখতে পুরোনো ঠিকানা রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে টানা দুই দিন একা অনুশীলন করেছেন রোনালদো।

স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, ফিটনেস ঠিক রাখতে রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড অনুশীলনের অনুমতি চেয়েছিলেন রোনালদো। তাঁর অনুরোধে সাড়া দেয় ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটি।

আরও পড়ুন

আজ টানা দ্বিতীয় দিনের মতো সেখানে অনুশীলন করেছেন রোনালদো। রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করলেও রিয়ালের সঙ্গে রোনালদোর নতুন চুক্তির কোনো সম্ভাবনা নেই।  ক্লাবটি এমন কোনো প্রস্তাব দেওয়ার কথাও নাকি ভাবছে না, জানিয়েছে মার্কা।

ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: টুইটার
আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ক্লাবের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। রিয়ালে ৯ মৌসুম কাটানোর পর ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে। ইতালির এই ক্লাবের হয়ে করেছেন ১০১ গোল। এরপর ফেরেন তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে প্রথম মৌসুমটা ভালো কাটলেও দ্বিতীয় মৌসুমে প্রথম একাদশে জায়গা হারান রোনালদো। কোচ টেন হাগের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন শোনা যায়।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব, ক্লাবের মালিকপক্ষ এবং কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন রোনালদো। যে কারণে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড। এরপর বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল নাসর তাঁকে দলে ভেড়াতে চায়। আল নাসরের সঙ্গে চুক্তি নিয়ে রোনালদো নাকি ইতিবাচকও। যদিও পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই ফুটবলার তা অস্বীকার করেছেন।