ইতালির সব হারানো নিশ্চিত করে স্পেন ফাইনালে

গোলের পর স্পেনের ফরোয়ার্ড জোসেলুর উদ্‌যাপনছবি: এএফপি

জোসেলুর ৩৩ বছর বয়সে স্পেন জাতীয় দলে ডাক পাওয়া অবাক করতে পারে। সদ্য শেষ হওয়া মৌসুমে অবনমিত দল এস্পানিওলের হয়ে এমন বিশেষ কিছুই করেননি। ১৬ গোল করে লা লিগায় ৩য় সর্বোচ্চ গোলদাতা হয়ে মৌসুম শেষ করেছেন এই যা। কিন্তু কখনো কখনো সময় অনুকূলে থাকে। জোসেলু যেমন স্পেনের জার্সিতে বদলি হয়ে নেমে গোল করে দলকে তুলেছেন নেশনস লিগের ফাইনালে।

আরও পড়ুন

নেদারল্যান্ডসের এনশ্রুদেতে কাল রাতে অনুষ্ঠিত নেশনস লিগের সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ১৮ জুন রটারডামে ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এ নিয়ে টানা দ্বিতীয়বার নেশনস লিগের ফাইনালে উঠল স্পেন। সে জন্য অভিবাদন প্রাপ্য জোসেলুর।

৮৭ মিনিট পর্যন্তও ১-১ গোলে সমতায় ছিল দুই দল। ৮৪ মিনিটে আলভারো মোরাতার বদলি হয়ে মাঠে নেমেছিলেন এস্পানিওলের এই ফরোয়ার্ড। ৪ মিনিট পরই রদ্রির শট ইতালির এক খেলোয়াড়ের পায়ে লাগায় বলটা সুবিধাজনক জায়গায় পেয়ে যান রিয়াল মাদ্রিদে খেলা জোসেলু। কাছ থেকে গোল করতে তাঁর ভুল হয়নি।

ম্যাচে একবার ফিরলেও শেষ পর্যন্ত জয় পায়নি ইতালি
ছবি: এএফপি

ম্যাচের ৩ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইতালি। বক্সের একটু সামনে তাদের কিংবদন্তি ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ইয়েরেমি পিনো। ৮ মিনিট পর স্পেনই ইতালিকে সমতায় ফিরতে সাহায্য করেছে! স্পেনের হয়ে অভিষিক্ত রবিন লে নরম্যান্ড নিজেদের বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইতালি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন চিরো ইম্মোবিল।

আরও পড়ুন

নেশনস লিগ সেমিফাইনালে হারের মধ্য দিয়ে এই মৌসুমে যেন সবকিছু হারানোর পালা শেষ হলো ইতালির। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব ফাইনালে হেরেছে ইতালিয়ান ক্লাব। এরপর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে হেরেছে ইতালির যুবারা, আর এবার নেশনস লিগ থেকেও বিদায় নিল ইতালির বড়দের জাতীয় দল।

স্পেনের জয়ের নায়ক জোসেলু ম্যাচ শেষে বলেছেন, ‘দল খুব ভালো খেলেছে। আমরা দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করেছি, শুধু গোলটাই হচ্ছিল না। নিজে গোল করতে পেরে ভালো লাগছে কারণ আমরা ফাইনালে উঠেছি এবং ট্রফি জয়ের সুযোগ আছে।’