মেসির সেই ‘লাস্ট ড্যান্স’ কেন হলো না, ‘বোমা’ ফাটালেন জাভি
লিওনেল মেসি কি সত্যিই ফিরতে চেয়েছিলেন বার্সেলোনায়?
জাভি হার্নান্দেজের উত্তর, ‘হ্যাঁ’।
বার্সেলোনা কি তাঁকে ফেরাতে চেয়েছিল?
জাভি হার্নান্দেজের উত্তরটা সেখানেও ‘হ্যাঁ’।
তাহলে ক্যাম্প ন্যু-তে সেই বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ হলো না কেন? বার্সেলোনা সমর্থকদের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত হয়ে থাকা সেই ‘ফিরতে না পারার’ গল্পে এবার নতুন এক বোমা ফাটালেন মেসির একসময়ের সতীর্থ ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। তাঁর দাবি, সব ঠিক থাকার পরও স্রেফ ‘ক্ষমতার লড়াই’ এড়াতে মেসির ফেরা আটকে দিয়েছিলেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা।
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে মূল দল, সব মিলিয়ে ক্যাম্প ন্যু-তে প্রায় দুই দশকের বেশি সময় কাটিয়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি। এর দুই বছর পর চলে যান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে মায়ামিতে নয়, মেসি আসলে ফিরতে চেয়েছিলেন তাঁর শৈশবের ক্লাবেই। বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালের জানুয়ারিতে মেসি নিজেই বার্সায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন জাভি। তাহলে কেন তাঁর ফেরা হয়নি?
স্প্যানিশ দৈনিক ‘লা ভানগার্দিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি শোনালেন সেই অজানা গল্প। তাঁর কথা, ‘মেসির সঙ্গে সব কথাবার্তা হয়ে গিয়েছিল। বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালের জানুয়ারিতে আমাদের কথা হয়। সে আমাকে বলেছিল, ও ফিরতে চায়। লা লিগা থেকেও আমরা সবুজসংকেত পেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে সব ভন্ডুল করে দিলেন সভাপতি (লাপোর্তা)।’
আক্ষেপ করে বার্সার এই কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটা লাস্ট ড্যান্স-এর প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক মাইকেল জর্ডানের মতো। কিন্তু সেটা আর হলো না।’
এরপরই বোমাটা ফাটালেন জাভি, ‘লাপোর্তাই বিষয়টা বাতিল করে দেন। তিনি আমাকে যা বলেছিলেন, আমার অক্ষরে অক্ষরে মনে আছে। বলেছিলেন, মেসি ফিরলে তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর তিনি সেটা হতে দিতে পারেন না। এরপর হঠাৎ করেই মেসি আমার ফোন ধরা বন্ধ করে দেয়। কারণ, তাকে জানিয়ে দেওয়া হয়েছিল—তার ফেরাটা আর সম্ভব নয়।’
তবে জাভির এই বিস্ফোরক মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি লাপোর্তা। কয়েক সপ্তাহ আগেই সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও এখন তিনি পুনর্নির্বাচনের লড়াইয়ে ব্যস্ত। আজ এক নির্বাচনী বিতর্কে জাভির সব অভিযোগকে স্রেফ ‘হতাশাজনক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। লাপোর্তার মতে, জাভির অধীনে দল হারছিল বলেই তাঁকে সরানো হয়েছে। আর সেই তিক্ততা থেকেই জাভি এখন এসব অভিযোগ তুলছেন।
জাভিকে পাল্টা আক্রমণ করে লাপোর্তা বলেছেন, ‘জাভি হয়তো এখনো পুরনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। আমি দেখছিলাম, জাভির অধীনে আমরা হারছি। সেই একই দল নিয়ে হান্সি ফ্লিকের অধীনে আমরা জিতছি। একই খেলোয়াড়দের নিয়ে ফ্লিক যদি জিততে পারে, তবে সমস্যাটা কোথায় ছিল তা পরিষ্কার।’
মেসির ফেরা প্রসঙ্গে লাপোর্তার দাবি সম্পূর্ণ ভিন্ন। তাঁর মতে, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসিই তাঁকে জানিয়েছিলেন যে মেসি বার্সায় ফিরতে চান না। হোর্হে নাকি লাপোর্তার বাড়িতে গিয়ে বলেছিলেন, ‘বার্সেলোনায় ফিরলে লিওর ওপর অনেক বেশি চাপ তৈরি হবে।’
বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ ৬৭২ গোল করা এবং রেকর্ড ৩৪টি ট্রফি জেতা এই মহাতারকার ঘরে না ফিরতে পারা নিয়ে সত্যিটা হয়তো চিরকাল এমন ধোঁয়াশার মধ্যেই রয়ে যাবে।