এমবাপ্পে কেন পিএসজির ভিডিও নিয়ে খেপেছিলেন, ব্যাখ্যা দিলেন তাঁর মা

ম্যাচ শেষে হতাশ কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিলিয়ান এমবাপ্পে চুপ করে থাকতে পারেননি।

নিজের ক্লাব পিএসজির বিরুদ্ধেই জানিয়েছেন প্রতিবাদ। ক্লাবের বানানো প্রচারণামূলক ভিডিওতে লিওনেল মেসি ও নেইমারকে না রাখা ও ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপত্তি আগেই জানিয়েছেন ফরাসি তারকা। ব্যাপারটি নিয়ে ক্লাবের মধ্যে প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। প্রতিক্রিয়া হয়েছেও। সমালোচিতও হয়েছেন। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার মা এ ব্যাপারে এমবাপ্পের চিন্তাভাবনা কী ছিল, সেটি জানিয়েছেন। ব্যাখ্যা দিয়েছেন, ব্যাপারটি নিয়ে তাঁর ছেলে কেন সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হলো!

এমবাপ্পের মা ফাইজা লামারি ফরাসি সিনেটের মালিকানাধীন রাজনৈতিক ও পার্লামেন্টরি টিভি চ্যানেল ‘পাবলিক সিনেট’–এ বলেছেন, ‘সে সত্যিই রেগে ছিল। সাধারণত যেমনটা সে করে আর কি! তবে কিলিয়ান যখন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখতে চায়, তখন সে কিছুটা সময় নিয়েই তা করে। দুই-তিনজন কাছের মানুষকে ফোন দেয়।’

পিএসজির তৈরি করা বিজ্ঞাপনে নিজের ফুটেজ ব্যবহার করা নিয়ে খেপেছেন এমবাপ্পে
ছবি: এএফপি
আরও পড়ুন

লামারি আরও ব্যাখ্যা করে বলেছেন, ‘একই সঙ্গে আমি তাঁর সমস্যাটা বুঝতে পারছি। আমি আমার ছেলেকে অবশ্য বলেছি, আপাতত চুপ করে থাকতে। সত্যি কথা বলার সময় আপনা–আপনিই আসবে। তবে সে কেন যেন রাজি হয়নি। সে বলেছে, “আমি চুপ করে থাকব না। অপেক্ষাও করব না। আমি এর পরিণাম জানি এবং সেটি মেনেও নেব।” আমার মনে হয়, সে যা-ই বলেছে, সেটি ক্ষণিকের উত্তেজনার বশবর্তী হয়েই বলেছে। সে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বেড়ে ওঠা বাচ্চাদের মতোই আচরণ করেছে। যারা মনে করে অন্যরাও তাদের মতো করেই ভাবে।’

আরও পড়ুন
এমবাপ্পের ক্ষোভের ব্যাখ্যা দিলেন তাঁর মা
ছবি: রয়টার্স

পুরো মৌসুম টিকিটধারীদের ২০২৩-২৪ মৌসুমের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে ভিডিওটি বানিয়েছিল পিএসজি। এপ্রিলের শুরুতে ভিডিওটি ছাড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়। কারণ, ভিডিওতে নেই মেসি ও নেইমার। মৌসুম শেষে মেসি আর নেইমারকে আদৌ পিএসজি রাখবে কি না, গুঞ্জনটা সেটি নিয়েই। ভিডিওর সিংহভাগজুড়ে শুধুই এমবাপ্পে। তাতে অনেকেই বুঝে নিয়েছেন, আগামীতে পিএসজির কেন্দ্রীয় চরিত্র কে হবেন। আর এমবাপ্পে এ বিষয় নিয়েই ক্লাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

আরও পড়ুন

ভিডিওর বাণিজ্যিক ব্যবহার নিয়ে অসন্তুষ্ট এমবাপ্পে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘আমি মাত্র ক্লাবের ২০২৩-২৪ মৌসুমের (টিকিট) পুনঃ নবায়নের প্রচারণামূলক ভিডিওটি দেখেছি। আমাকে কখনোই এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। এটা মনে হচ্ছে, আমি ক্লাবের বিপণন দিবসে সাধারণ একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, সেটি... আমি এই ভিডিওর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এ কারণেই আমি ব্যক্তিগত ইমেজস্বত্ব নিয়ে লড়াই করছি। পিএসজি একটি দারুণ ক্লাব ও ভালো পরিবার। কিন্তু এটা অবশ্যই কিলিয়ান সেন্ট জার্মেই না।’