আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের রেশ যেন কাটছেই না। ম্যাচের আগে আর্জেন্টিনা আর লিওনেল মেসিকে নিয়ে মনস্তাত্ত্বিক লড়াই খেলতে গিয়ে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল অনেক কথাই বলেছেন। সেগুলো যে আর্জেন্টিনার খেলোয়াড়দের মোটেই পছন্দ হয়নি, সেটা বুঝিয়ে দিয়েছেন টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মতো শান্ত একজনও কিনা উদ্যাপন করতে গিয়ে হয়ে উঠেছিলেন কিছুটা বেপরোয়া! নেদারল্যান্ডসের ডাগআউট লক্ষ্য করে কানের কাছে হাত নিয়ে উদ্যাপন করেছেন সদা বিনয়ী হিসেবে পরিচিত মেসি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ভাউট ভোগহোর্স্টের প্রতি ধমকের সুরে কথা বলেন আর্জেন্টাইন তারকা। বার্নলি থেকে বেসিকতাসে ধারে খেলা এই স্ট্রাইকারের জোড়া গোলেই নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী গাস্তন এদুল ম্যাচ শেষে মিক্সড জোনে মেসির সাক্ষাৎকার নিচ্ছিলেন। কথা শুরুর আগে ডানে কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে কারও প্রতি চিৎকার দিয়ে মেসি বলে ওঠেন, ‘এদিকে তাকিয়ে আছ কেন, নির্বোধ? ওদিকে যাও।’ ডানদিকে ছিলেন আসলে ভোগহোর্স্ট।
মেসির এই ধমক নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা হয়েছে। এবার মেসির আচরণ নিয়ে কথা বলেছেন ভোগহোর্স্ট নিজেই। ভোগহোর্স্টের দাবি, ম্যাচ শেষে মাঠে বসেই তাঁর ওপর চটেছিলেন মেসি, ‘ম্যাচ শেষে আমি তার সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম, সে এটা করেনি এবং আমাকে উদ্দেশ করে কঠিন কথা বলেছে। সে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমি স্প্যানিশ খুব ভালো বুঝি না। আমি খুব হতাশ হয়েছি।’
ভোগহোর্স্টের ওপর কেন চটেছেন, এর একটি ব্যাখ্যা মেসি ম্যাচ শেষেই দিয়েছেন। বদলি হিসেবে মাঠে নামার পর থেকেই নাকি ডাচ এই ফরোয়ার্ড নানা কথা বলে উত্যক্ত করেছেন মেসিসহ আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের।