বাংলাদেশের নারী ফুটবলের অনেক প্রথমের সঙ্গেই জড়িয়ে সাবিনা খাতুনের নাম। প্রথম নারী ফুটবলার হিসেবে একাধিক পেশাদার লিগে খেলেছেন। ২০১০ সাল থেকে টানা খেলছেন জাতীয় দলে, আট বছর ধরে তো জাতীয় দলের অধিনায়কই। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ৪২ ম্যাচে অংশ নিয়ে করেছেন সর্বোচ্চ ২৫ গোল। এখন পর্যন্ত সাফের ছয় আসরেই খেলা এই ফুটবলার গতকাল কথা বলেছেন এবারের টুর্নামেন্ট নিয়ে, সঙ্গে এসেছে তাঁর ক্যারিয়ার প্রসঙ্গও।
প্রশ্ন :
মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছেন টুর্নামেন্ট। কিন্তু ৩ গোলের জয়ে কি আপনি সন্তুষ্ট?
সাবিনা: সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচ জেতাটা আমাদের জন্য জরুরি ছিল। অবশ্য এই ম্যাচে আমাদের কিছু জায়গায় ঘাটতি ছিল। মেয়েদের ফিনিশিংয়ে সমস্যা আছে। আমরা গোলের অনেক ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। ম্যাচ জিতেছি বলে খুশি, কিন্তু ছোট ছোট এই দুর্বলতাগুলো নিয়ে কোচ (গোলাম রব্বানী) কাজ শুরু করে দিয়েছেন।
প্রশ্ন :
মালদ্বীপের ফুটবল লিগে খেলেছেন চারবার। ওদের বিপক্ষে খেলার সময় এ অভিজ্ঞতা কতখানি কাজে দিয়েছে?
সাবিনা: আমি খেলেছি মালদ্বীপ পুলিশ ও আর্মি দলে। এবারের টুর্নামেন্টে এই দুই দলের অনেকে খেলছে। ওদের দলের দুর্বলতা, শক্তির জায়গা তাই ভালোভাবেই জানা আমার। এখানে আসার আগে কোচ (গোলাম রব্বানী) শুধু মালদ্বীপ ম্যাচ নিয়েই আমার সঙ্গে আলাদাভাবে বসেছিলেন। সেই পরিকল্পনাগুলো কাজে এসেছে।
প্রশ্ন :
বাংলাদেশ কখনো সাফে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু নেপালে আসার আগে বলেছিলেন, এবার লক্ষ্য বড় কিছু...
সাবিনা: এবার সত্যিই অন্য রকম লক্ষ্য নিয়ে এসেছি। আগের পাঁচবারের চেয়ে এবারের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। মেয়েরা আশাবাদী। তারাও আত্মবিশ্বাসী যে এবার হয়তো ভালো কিছু হতে পারে। এই মেয়েরা বয়সভিত্তিক থেকে সিনিয়র দলে পাঁচ বছর ধরে একসঙ্গে খেলছে। সবার মধ্যে বোঝাপড়াও ভালো। গত জুনে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের কথা সব ম্যাচের আগে মনে করিয়ে দিই। আমরা যদি ৯০তম স্থানে থাকা দলের সঙ্গে জিততে পারি, তাহলে এখানে কেন নয়?
প্রশ্ন :
পরের ম্যাচ তো পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে কী পরিকল্পনা?
সাবিনা: আমাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে। ওরাও নিশ্চয়ই চেষ্টা করবে জেতার। তবে এটা নিয়ে আমি ভাবছি না। আমাদের সবচেয়ে ইতিবাচক দিক হলো রিজার্ভ বেঞ্চটা ভালো। দল আগের মতো একজনের ওপর নির্ভরশীল নয়। সবাই সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করে।
প্রশ্ন :
গোল করা তো আপনার জন্য নেশার মতো। ম্যাচে গোল না পেলে কি চাপ বেড়ে যায়?
সাবিনা: আমি কখনোই চাপ নিই না। সতীর্থদের সামনে সব সময় আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করি। ওরা যখন দেখবে আমি আত্মবিশ্বাসী, তখন তাদেরও আত্মবিশ্বাস বাড়বে। এখন মেয়েরা অনেক বেশি পেশাদার হচ্ছে, পরিণত হচ্ছে। বিশেষ করে মারিয়া, কৃষ্ণা—তারা দায়িত্ব নিতে শিখেছে। এটা দলের জন্য ইতিবাচক।
প্রশ্ন :
মেয়েদের সাফের সব কটি আসরেই তো খেলেছেন। এ নিয়ে নিশ্চয়ই বাড়তি গর্ব আছে আপনার...
সাবিনা: সাফের শুরু থেকে আছি, এটা নিয়ে আলাদা ভালো লাগা তো কাজ করেই। আমরা যখন শুরু করি, সত্যি কথা বলতে, তখন ফুটবলটা ছিল অগোছালো। ওই সময় টিকে থেকে এখন পর্যন্ত এসেছি এবং নিজের সেরাটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। এটা তো অবশ্যই আমার জন্য বিশেষ কিছু।
প্রশ্ন :
এত বছর ধরে খেলছেন। কোনো অপ্রাপ্তি কি আছে আপনার?
সাবিনা: আমার স্বপ্ন, সাফের শিরোপা জিতব। ১২ থেকে ১৩ বছর জাতীয় দলে খেলছি। শুধু শিরোপা জেতাটাই বাকি আছে। দেশকে ট্রফি এনে দিতে পারলে ভালো লাগবে।