জার্সি বদলাতে এসে মেসিকে চমকে দেওয়া কে এই ফুটবলার

মেসির সঙ্গে জার্সি বদলের পরটুইটার

লিওনেল মেসির ম্যাচের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে বোধ হয় একরকম প্রতিযোগিতাই চলে—কে আগে মেসির সঙ্গে জার্সি বদলাতে পারেন! গতকাল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও একজন এগিয়ে গেলেন মেসির সঙ্গে জার্সি মেলাতে—এই সুযোগ তো সব সময় আসে না! কিন্তু হুট করেই মেসির কাছে তিনি জানতে চান, ‘আপনি কি আমাকে চিনতে পেরেছেন?’ আর্জেন্টাইন তারকা তাতে একটু চমকেই গিয়েছিলেন। বাকি গল্পটা তাঁর মুখেই শুনুন, ‘ওই মুহূর্তে আমি আসলে চমকেই গিয়েছিলাম। তারপর আমাকে বলল সে গুডইয়নসেনের ছেলে।’

আইসল্যান্ডের এইদুর গুডইয়নসেন মেসির সতীর্থ ছিলেন বার্সেলোনায়। শুধু এটুকু বললে কমই বলা হয় আসলে, পেপ গার্দিওলার অধীনে ট্রেবল জয়ের সময়ও দুজন একসঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত গুডইয়নসেন ছিলেন বার্সেলোনাতেই।

এখন ৪৭ বছর বয়সী গুডইয়নসেন ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আরও এক দশক আগেই। তবে মেসি এখনো খেলে যাচ্ছেন। শুধু খেলছেনই না, রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপেও যাচ্ছেন এবার। তাঁকে ঘিরেই আর্জেন্টিনা পরপর দুবার বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছে।

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচটা হবে আন্তর্জাতিক ফুটবলে মেসির ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে গতকালই শেষবারের মতো মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচেই আইসল্যান্ডের হয়ে খেলতে নেমেছিলেন গুডইয়নসেনের ২০ বছর বয়সী ছেলে ড্যানিয়েল। তাঁকে দেখে চমকে যাওয়ার ঘটনাটা ম্যাচের পর মেসি শুনিয়েছেন এভাবে, ‘সত্যি বলতে আমার ওকে খুব ভালোভাবে মনে ছিল না। তাকে আমি আগে যখন দেখেছিলাম, খুব ছোট ছিল। বাবার সঙ্গে অনুশীলনের সময় আসত, কিন্তু তখন ও অনেক ছোট ছিল, এ জন্য আমি ওকে মনে করতে পারিনি।’

মেসির সঙ্গে হাত মিলিয়ে পরে ড্রেসিংরুমে ফিরে গেছেন ড্যানিয়েল। ঘটনাটা শেষ হয়ে গেছে এতটুকুতেই। কিন্তু কয়েক প্রজন্মকে ফুটবলে বুঁদ করে রাখা মেসি গতকাল জার্সি বদলাতে বদলাতেই হয়তো টের পেয়েছেন, কতটুকু পথ পাড়ি দিয়ে এসেছেন তিনি!

আরও পড়ুন