রেফারির চোখে বিশ্বকাপ ফাইনাল: বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ ফিফার

স্লাভকো ভিনচিচএএফপি

বিশ্বকাপ ফাইনাল সবচেয়ে ভালো জায়গা থেকে দেখেছেন কে? অবশ্যই স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ান এ রেফারি গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে রেফারি ছিলেন।

মেটলাইফ স্টেডিয়ামে সে ফাইনাল পরিচালনা করার এক সপ্তাহের মধ্যেই অবসর নেন ভিনচিচ। ফাইনালে বডি ক্যামেরা বা রেফ ক্যাম নিয়ে মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের সে ম্যাচের এক মাস পূর্তির আগে ভিনচিচের বডি ক্যামেরার ফুটেজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা।

রেফারিদের সঙ্গে রেফ ক্যাম ছিল এবার বিশ্বকাপে বেশ সাড়াজাগানো প্রযুক্তি। তাতে ফাইনাল ম্যাচের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে, যা স্ক্রিনে দেখে পরিষ্কার বোঝার উপায় ছিল না। রেফ ক্যামে প্রকাশিত ফুটেজে সেসব মুহূর্ত দেখার সুযোগ রয়েছে রেফারি ভিনচিচের চোখে।

যেমন ধরুন, লিওনেল মেসিকে তাঁর সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকে ‘নিয়ন্ত্রণ’ করতে বলা, ফেরান তোরেসের জয়সূচক গোল খুব কাছ থেকে দেখা কিংবা পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ভিনচিচের প্রতি ‘খুব ভালো কাজ করেছ’ বলতে শোনা গেছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারে আর্জেন্টিনা। ছবিটি খেলা শুরুর আগে তোলা
এএফপি

ফাইনাল শুরুর আগে টানেল থেকে ফুটেজটি শুরু হয়। সেখানে দেখা যায়, মার্ক কুকুরেয়া, রদ্রিসহ স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড়কে জড়িয়ে ধরেন মেসি। এরপর ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় ও হ্যান্ডশেক করেন।

মজার ব্যাপার, দুই অধিনায়ক রদ্রি ও মেসি যখন টস করেন, তখন মেটলাইফ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বাজতে থাকা ডেভিড গেটার গান ‘টাইটানিয়াম’-এর আওয়াজে তাঁদের কথা পুরোপুরি ঢাকা পড়ে যায়।

ফুটেজটিতে দেখা গেছে, একটি ফাউলের পর আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সতর্ক করে ভিনচিচ বলেন, ‘তোমার জন্য এটিই শেষ (সতর্কতা)।’

ম্যাচে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখায় ভিনচিচ কতটা সচেষ্ট ছিলেন, তার প্রমাণ মেলে ফুটেজে প্রকাশিত একটি ঘটনায়। আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ফাউলের শিকার হওয়ার পর যখন রেফারির দিকে ঘুরে প্রতিবাদ জানাতে যান, তখন ভিনচিচ তাঁকে বলেন, ‘লিওনেল, আমি দেখতে পাচ্ছি।’ মেসি এরপর কথা না বাড়িয়ে মুখ ফিরিয়ে নেন।

প্রায় পাঁচ মিনিটের এ ভিডিওতে মেসিকে অনেকবার দেখা গেছে। তাঁকে ভিনচিচের দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি ছিল পারেদেসকে নিয়ে। দ্বিতীয়ার্ধে বদলি নামার মাত্র ছয় মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন এ ডিফেন্সিভ মিডফিল্ডার। ভিনচিচকে বলতে শোনা যায়, ‘মেসি, পারেদেসকে নিয়ন্ত্রণ করো। আমি চাই না... ও কার্ড দেখেছে। দয়া করে ওকে সামলাও।’

আরও পড়ুন

মেসির পরামর্শে পারেদেস দ্বিতীয় হলুদ কার্ড দেখা থেকে বেঁচে গেলেও ম্যাচ শেষে মেজাজ হারিয়ে বসেন। সে সময় স্পেনের এরিক গার্সিয়াকে তিনি আঘাত করেন এবং গাভিকে মাটিতে ফেলে দেন। গত ২৯ জুলাই ফিফা জানায়, পারেদেসের বিরুদ্ধে মারধরের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। তবে রেফ ক্যামের ফুটেজে হাতাহাতির দৃশ্য দেখানো হয়নি।

ছেলেদের বিশ্বকাপে রেফারির বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয় ২০২৫ ক্লাব বিশ্বকাপে এর সফল প্রয়োগের পর। ফিফা এই প্রযুক্তিকে রেফারিদের মাথায় নিরাপদে পরিধানযোগ্য ‘হালকা ভিডিও ডিভাইস’ হিসেবে বর্ণনা করেছে, যা ম্যাচের সময় তাঁদের দৃষ্টিকোণ থেকে দৃশ্য ধারণ করার পাশাপাশি ‘হাই-ডেফিনেশন ভিডিও ও অডিও রিয়েল-টাইমে’ রেকর্ড এবং সম্প্রচার করতে পারে।